নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২৯, ৩১ আগস্ট ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরত শুরু ৭ সেপ্টেম্বর

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরত শুরু ৭ সেপ্টেম্বর

ফাইল ছবি

দীর্ঘদিন ধরে অনিম্বর ও জালিয়াতির জেরে সংকটে পড়া পাঁচ শরিফভিত্তিক ব্যাংক এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক একীভূতকরণের মাধ্যমে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গ্রাহকদের আমানতের মূল অর্থ ফেরত দেওয়ার ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জারি করা বিশেষ প্রজ্ঞাপন এবং বাংলাদেশ ব্যাংকের সার্বিক নির্দেশনার আলোকে এই কার্যক্রম বাস্তবায়িত হতে যাচ্ছে।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও অপারেশনসের প্রধান সমন্বয়ক এ এফ সাব্বির আহমদ স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়েছে যে, আগামী ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি হিসাবের গ্রাহকদের আমানতের মূল টাকা বা প্রিন্সিপাল অ্যামাউন্ট ফেরত দেওয়ার আনুষ্ঠানিক কার্যক্রম পুরোপুরি শুরু হবে। তবে এই অর্থ এককালীন উত্তোলন বা নগদায়ন করা গেলেও এর বিপরীতে কোনো মুনাফা প্রদান করা হবে না। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ১ সেপ্টেম্বর থেকে ব্যাংকের সকল শাখা ও উপশাখায় গ্রাহকদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। 

আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং এমটিডিআর ও ডিপিএস-এর মতো বিভিন্ন মেয়াদি হিসাবের জমা করা মূল টাকা এই নিয়মের আওতায় গ্রাহকেরা তুলতে পারবেন। তবে যে সমস্ত গ্রাহক তাদের হিসাব বন্ধ না করে চালু রাখবেন, তারা চুক্তির শর্ত অনুযায়ী পূর্বনির্ধারিত হারে নিয়মিত মুনাফা পেতে থাকবেন। পরবর্তীতে ব্যাংকের সার্বিক কার্যক্রম পূর্ণমাত্রায় স্বাভাবিক হলে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ উন্মুক্ত হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত পূর্বের স্কিম বা কাঠামোর বাইরেও বিশেষ প্রয়োজনে গ্রাহকদের জমানো টাকা তোলার বিশেষ সুযোগ রাখা হয়েছে। ইতিপূর্বে আমানতের বিপরীতে ২০২৪ ও ২০২৫ সালের মুনাফার একটি অংশ কেটে রাখার বা হেয়ারকাট করার যে সিদ্ধান্ত বা আলোচনা ছিল, কেন্দ্রীয় ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ তা থেকে সম্পূর্ণ সরে এসেছে। ফলে মেয়াদি আমানতের ঘোষিত পুরো মুনাফা পাওয়ার পথ উন্মুক্ত হয়েছে। কোনো গ্রাহক যদি মেয়াদপূর্তির আগে মেয়াদি আমানত ভেঙে সম্পূর্ণ অর্থ তুলে নিতে চান, তবে তিনি কেবল মূল টাকা ফেরত পাবেন এবং এর ওপর কোনো মুনাফা প্রযোজ্য হবে না। তবে এক্ষেত্রে আমানতের বিপরীতে সরকারকে পরিশোধিত আবগারি শুল্ক ব্যাংক নিজ তহবিল থেকে বহন করবে। এছাড়া কেউ যদি আংশিক অর্থ উত্তোলন করেন, তবে অবশিষ্ট জমানো টাকার ওপর পূর্ণাঙ্গ মুনাফা বহাল থাকবে।

আরও পড়ুন: ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

গ্রাহকদের দীর্ঘদিনের হারানো আস্থা, শঙ্কা ও স্বস্তি ফিরিয়ে আনতে এবং ব্যাংকের প্রতি ইতিবাচক ধারা তৈরিতে ১ সেপ্টেম্বরকে বিশেষ দিবস বা আস্থা পুনর্গঠনের দিন হিসেবে পালনের নির্দেশ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ উপলক্ষে ব্যাংকটির শাখা ও উপশাখাগুলো আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে এবং ব্যাংকের কর্মকর্তারা নির্ধারিত ও মার্জিত পোশাকে উপস্থিত থেকে সেবা প্রদান করছেন। ব্যাংকে আগত গ্রাহকদের ফুল বা উপহার দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি জ্যেষ্ঠ নাগরিক, নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করার কড়া নির্দেশ রয়েছে। শাখাগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার পাশাপাশি সার্বিক গ্রাহকসেবা কার্যক্রমের ভিডিও চিত্র ধারণেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পুনর্গঠিত এই ব্যাংকটির আর্থিক ভিত্তি ও বর্তমান পরিসংখ্যান বেশ বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে। ব্যাংকটির তথ্য অনুযায়ী, এই পাঁচ ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৪২ হাজার কোটি টাকার আমানত জমা রয়েছে, যার মধ্যে কেবল ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবের পরিমাণ প্রায় ১৫ হাজার কোটি টাকা। 

অন্যদিকে, ব্যাংকগুলোর মোট ১ লাখ ৯২ হাজার কোটি টাকা ঋণের প্রায় ৮৬ শতাংশই বর্তমানে খেলাপি ঋণে পরিণত হয়েছে এবং ব্যাংকগুলোর সম্মিলিত মূলধন ঘাটতির পরিমাণ ছাড়িয়েছে দেড় লাখ কোটি টাকা। সরকারি মালিকানাধীন ব্যাংক হিসেবে গত বছরের নভেম্বর মাসে যাত্রা শুরু করা এই ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা নির্ধারিত রয়েছে। এর মধ্যে সরকার সরাসরি ২০ হাজার কোটি টাকা প্রদান করেছে এবং বাকি ১৫ হাজার কোটি টাকার সমপরিমাণ অংশ পর্যায়ক্রমে আমানতকারীদের শেয়ার হিসেবে বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তত্ত্বাবধান, সুনির্দিষ্ট তারল্য সহায়তা এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সময়োপযোগী পদক্ষেপের কারণে সম্মিলিত ইসলামী ব্যাংক ধীরে ধীরে তার স্বাভাবিক লেনদেন ও কার্যক্রমের ধারায় ফিরে আসার জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়