নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৩, ৩১ আগস্ট ২০২৬

সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

ফাইল ছবি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা ঊর্ধ্বমুখী থাকা সত্ত্বেও দেশের বাজারে সেপ্টেম্বর মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

সোমবার (৩১ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ (অপারেশন-১ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এর ফলে আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে দেশের বাজারে পূর্বের নির্ধারিত খুচরা মূল্যেই সকল জ্বালানি তেল বিক্রি হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, গত ৩১ মে ২০২৬ তারিখের প্রজ্ঞাপনমূলে নির্ধারিত ভোক্তা পর্যায়ের মূল্যহারই সেপ্টেম্বর মাসের জন্য বলবৎ থাকবে। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোক্তা পর্যায়ে বিভিন্ন জ্বালানি তেলের প্রতি লিটারের মূল্য ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা।

আরও পড়ুন: আবারও কমলো সোনার দাম, ভরিতে কমেছে ৪ হাজার ৭২৩ টাকা

আন্তর্জাতিক বাজারে দাম কমা-বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করার কথা থাকলেও সরকার টানা চতুর্থ মাসের মতো এই মূল্য অপরিবর্তিত রাখার নীতি বজায় রাখল। এর আগে গত পহেলা জুন ডিজেল বাদে অন্যান্য জ্বালানির দাম লিটারে সামান্য বাড়ানো হয়েছিল, যা পরবর্তীতে জুলাই ও আগস্ট মাসেও অপরিবর্তিত রাখা হয়েছিল।

এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং হামলা-পাল্টা হামলার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। 

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, ব্রেন্ট ক্রুড এবং ডব্লিউটিআই (WST) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে। তা সত্ত্বেও সাধারণ ভোক্তা তথা জনগণের স্বস্তি বিবেচনা করে সরকার অভ্যন্তরীণ বাজারে তেলের দাম বাড়ানোর পথে হাঁটেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখার এই সিদ্ধান্ত কার্যকর করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে ইতোমধ্যে দাপ্তরিক নির্দেশনা ও চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন এই নির্দেশনা দেশজুড়ে সম্পূর্ণরূপে কার্যকর হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়