কমছেই না হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু
ফাইল ছবি
দেশজুড়ে হামের সংক্রমণ ও এর উপসর্গজনিত জটিলতা কমছেই না। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয়জন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
চলতি বছর দেশব্যাপী হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে (গত ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত) আক্রান্ত ও মৃত্যুর ঊর্ধ্বমুখী চিত্র অব্যাহত রয়েছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৯৭৯ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন এবং হামের উপসর্গ ও জটিলতা নিয়ে মৃত্যুবরণ করেছেন ৮৮০ জন।
আরও পড়ুন: হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৫৬
সর্বশেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যানে দেখা যায়, নতুন করে ১ হাজার ১৫৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর ফলে গত মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক বা হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০ জনে। একই সময়ে নতুন করে ৭২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে, যা নিয়ে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৯ হাজার ৩৮৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশজুড়ে হামের প্রাদুর্ভাবের শুরু থেকে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। বিভাগওয়ারী মৃত্যু ঢাকা বিভাগে ৩৯৫ জন, সিলেট বিভাগে ১৫১ জন, রাজশাহী বিভাগে ৯২ জন, ময়মনসিংহ বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, বরিশাল বিভাগে ৫৬ জন, খুলনা বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ১৪ জন।
নিউজবাংলাদেশ.কম/পলি








