জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২০, ৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:২১, ৪ সেপ্টেম্বর ২০২৬

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু

ছবি: সংগৃহীত

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তার স্ত্রীকে বহনকারী গাড়ির ধাক্কায় গুরুতর আহত পথচারী ফিরোজা বেগম (৫৫) মারা গেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বড় ব্রিজের পূর্ব পাশে হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ফিরোজা বেগমকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

জানা গেছে, ঢাকা থেকে জয়পুরহাটে যাওয়ার পথে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি ওই এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় ফিরোজা বেগমকে ধাক্কা দেওয়ার উপক্রম হয়। তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক থেকে ছিটকে ধানক্ষেতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন প্রতিমন্ত্রী, তার স্ত্রী ও আহত পথচারীকে উদ্ধার করেন।

দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী হাঁটু ও দুই পায়ে আঘাত পেয়েছেন। তার স্ত্রী নাজমা বেগম অক্ষত রয়েছেন। গাড়িচালকও আহত হয়েছেন।

দুই দিনের সরকারি সফরে জয়পুরহাটে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে কালাই পৌর শহরের তার নিজ বাড়িতে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।

দুর্ঘটনা সম্পর্কে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। রাস্তা থেকে গাড়িটি ফসলের মাঠে পড়ে গিয়ে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকে। এতে হাঁটু ও দুই পায়ে ব্যথা পেয়েছি।

আরও পড়ুন: এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্কচটেপে মোড়ানো মরদেহ উদ্ধার

কালাই থানার ওসি সাইদুল ইসলাম জানান, পথচারী রাস্তা পার হওয়ার সময় তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে সহায়তা করেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়