সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আব্দুল বারীকে আনা হচ্ছে ঢাকায়
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল।
তিনি জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর ডান ও বাম পা এবং বুকে আঘাত লেগেছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় জয়পুরহাট যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনার কবলে পড়ে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী নাজমা আরা বেগম আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপীনাথপুর এলাকায় ফিরোজা বেগম (৬০) নামে এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানখেতে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী।
আরও পড়ুন: প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু
দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রথমে কালাইয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগম বর্তমানে সুস্থ রয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








