আশুলিয়ায় ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত অজ্ঞাত পুরুষের গলায় গামছা পেঁচানো ছিল। এ কারণে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। স্বামী-স্ত্রী পরিচয়ে ওই কক্ষে নতুন ভাড়া নিয়ে বসবাস করতেন তারা। পরে কক্ষ থেকে পচা দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
এদিকে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ সময় ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নেবে ডিএমপি
এ ঘটনায় এখন পর্যন্ত আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








