যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৩ পাইলট নিহত
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। নিহতরা হলেন মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি ও হোসেইন মাহদাভিয়ান। তাদের মধ্যে প্রথম দুজন নৌবাহিনীর এবং তৃতীয়জন বিমানবাহিনীর পাইলট ছিলেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। খবর ইরান ইন্টারন্যাশনালের।
তবে এই তিন পাইলট কোথায় যুক্তরাষ্ট্রের হামলার শিকার হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইরান। তারা নিহত হওয়ার সময় যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না কিংবা কোনো সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন কি না, সেটিও স্পষ্ট করা হয়নি।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তিন পাইলটের পাশাপাশি নৌবাহিনীর আরও ছয় সদস্য নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, দেশজুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে মঙ্গলবার ও বুধবার অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে বিপ্লবী গার্ডের চার সদস্য নিহত হন।
এ ছাড়া হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে চারজন নিহত হওয়ার জন্যও ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের হামলাকে দায়ী করেছেন।
আরও পড়ুন: বাংলাদেশ সীমান্ত ঘেঁষে চিকেনস নেকে নতুন মহাসড়ক বানাচ্ছে ভারত
তবে খুজেস্তানে নিহত নৌবাহিনীর ছয় সদস্য আগের প্রকাশিত নিহতের তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








