চালক ছাড়াই চলবে ট্যাক্সি, টেসলার ‘সাইবারক্যাব’ চালু
ছবি: সংগৃহীত
উবার ও ওয়েমোর মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় নামতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে চালকবিহীন রোবোট্যাক্সি সাইবারক্যাব চালু করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি নতুন এই গাড়ির আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেয়।
২০২৪ সালের অক্টোবরে প্রথমবার প্রদর্শন করা সোনালি রঙের সাইবারক্যাবে নেই ব্রেক বা অ্যাক্সিলারেটর প্যাডেল এবং স্টিয়ারিং হুইল। এতে সর্বোচ্চ দুইজন যাত্রী বহন করা যাবে। গাড়িটি মূলত চালক ছাড়াই ট্যাক্সি সেবা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অস্টিন শহরের ওপর বিশাল আকারে সাইবারক্যাবের একটি ছবি প্রকাশ করেন। ছবিতে গাড়িটির পেছনে ধুলোর মেঘ দেখা যায়। টেসলার সদর দপ্তরও অস্টিনে অবস্থিত।
আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই অস্টিনের রাস্তায় সাইবারক্যাব চলাচল করতে দেখা গেছে। টেসলার হালনাগাদ অ্যাপেও যাত্রীদের জন্য নতুন এই গাড়ি বেছে নেওয়ার সুযোগ যুক্ত করা হয়েছে।
অস্ট্রেলিয়া থেকে আসা পর্যটক গ্রাহাম স্প্রিগ এএফপিকে বলেন, এটি মানবজাতির জন্য পরিবর্তন নিয়ে আসবে।
আরও পড়ুন: গুগলের বিজ্ঞাপন ব্যবসায় নিয়ম বদলের নির্দেশ মার্কিন আদালতের
তিনি বলেন, এর ফলে ব্যক্তিগত গাড়ির মালিকানার পরিবর্তে পরিবহনকে সেবা হিসেবে ব্যবহারের প্রবণতা বাড়বে। বিশেষ করে প্রতিবন্ধী ও বয়স্ক মানুষের জন্য এ ধরনের সেবা খুবই উপকারী হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








