স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩০, ৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৩২, ৪ সেপ্টেম্বর ২০২৬

যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা

যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের মেহেদীবাগে মন্ত্রীর বাসভবনে সীতাকুণ্ড নাগরিক সমাজের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ পরিকল্পনার কথা জানান।

সাক্ষাৎকালে সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা হিসেবে সীতাকুণ্ডের সমুদ্র উপকূলীয় বেড়িবাঁধের ওপর মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের প্রস্তাব দেন। একই সঙ্গে মহাসড়কের সীতাকুণ্ড অংশে বড়দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবিও জানান তারা।

জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী সরকারের পক্ষ থেকে যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনার কথা তুলে ধরেন।

পরে সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতারা বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি মন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এতে চট্টগ্রাম ওয়াসার পানির লাইন সীতাকুণ্ড পর্যন্ত সম্প্রসারণসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

আরও পড়ুন:  চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধিদলটি মন্ত্রীর কাছে সীতাকুণ্ড উপকূলে মেরিন ড্রাইভ এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবিও তুলে ধরে। মন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়