স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৯, ৫ সেপ্টেম্বর ২০২৬

ছয় দফা দাবিতে ১১ দলের লংমার্চ শুরু, জনস্রোত শাপলা চত্বরে

ছয় দফা দাবিতে ১১ দলের লংমার্চ শুরু, জনস্রোত শাপলা চত্বরে

ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম অভিমুখী লংমার্চের সমাবেশ শুরু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় এ সমাবেশ শুরু হয়। এরই মধ্যে শাপলা চত্বর ও আশপাশের এলাকা লংমার্চে অংশ নিতে আসা নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দিচ্ছেন।

সমাবেশ শেষে সকাল ৮টার দিকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের নেতৃত্বে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু হওয়ার কথা রয়েছে। লংমার্চটি চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ এই ছয় দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য।

এর আগে শুক্রবার বিকেলে শাপলা চত্বরে লংমার্চের সমাবেশস্থল ও মঞ্চের প্রস্তুতি পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। এ সময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, ছয় দফা দাবি জনগণের দাবি। এসব দাবি আদায়ের লক্ষ্যে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতেই লংমার্চের কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি বলেন, শনিবারের কর্মসূচি লংমার্চের প্রথম ধাপ। দাবি আদায় না হলে আগামী দিনে আরও বড় কর্মসূচি ঘোষণার ক্ষেত্র প্রস্তুত করা হবে। এর ধারাবাহিকতায় ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি শেষে ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করার কথা রয়েছে।

আরও পড়ুন: আন্দোলনের হুমকি না দিয়ে সরকারকে পরামর্শ দিন: রিজভী

নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে লংমার্চ কর্মসূচি সফল করতে সরকার, প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা প্রয়োজন।

শনিবার সকাল থেকেই লংমার্চ ঘিরে শাপলা চত্বর ও আশপাশের এলাকায় ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়