হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে হামলা ইরানের
ছবি: সংগৃহীত
আরও বড় পরিসরে মার্কিন বাহিনীকে পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালিতে দুটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে তারা। একই সঙ্গে প্রণালিতে আরও ১০টি নিয়ম লঙ্ঘনকারী জাহাজ লক্ষ্যবস্তু করার দাবিও করেছে ইরানি বাহিনী।
ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।
বুধবার (৯ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এসব তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালিতে পাল্টা হামলা চালানো হয়েছে।
আইআরজিসি বলেছে, মার্কিন সন্ত্রাসী বাহিনীর আগ্রাসন ও শত্রুতার জবাব দিতেই তারা এ পদক্ষেপ নিয়েছে।
ইরানি বাহিনী আরও দাবি করেছে, হরমুজ প্রণালিতে ১০টি নিয়ম লঙ্ঘনকারী জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব জাহাজ যুক্তরাষ্ট্রের উসকানি ও সহযোগিতায় প্রণালিটির নিষিদ্ধ ও অনিরাপদ অঞ্চল দিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ করেছে আইআরজিসি।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালি এখনো আইআরজিসির কঠোর ও কার্যকর নজরদারি ও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এর আগে মার্কিন নৌবাহিনীর ডিডিজি-১১৯ ও ডিডিজি-৫৩ ডেস্ট্রয়ারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবিও করেছিল আইআরজিসি। তাদের দাবি, ওই হামলায় জাহাজ দুটিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত দুই দিনে আইআরজিসি একটি মার্কিন যুদ্ধজাহাজে দুবার হামলার চেষ্টা করেছিল। তবে জাহাজটি সফলভাবে ইরানের হামলা এড়িয়ে যায় বলে দাবি করেছে সেন্টকম। তাদের ভাষ্য, এ ঘটনায় কোনো মার্কিন সেনা বা কর্মী আহত হননি।
এরপর পাল্টা জবাব হিসেবে ইরানের কয়েকটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে সেগুলো অচল করার কথা জানিয়েছে সেন্টকম। হামলার শিকার ট্যাংকারগুলোর মধ্যে রয়েছে এম/টি কাভিজ, এম/টি চারমিনার, এম/টি হরাইজন-১ ও এম/টি রিয়েস্কো। এসব জাহাজ ওমান উপসাগরে অবস্থান করছিল বলে জানিয়েছে মার্কিন বাহিনী। এ ছাড়া খার্গ দ্বীপের কাছে এম/টি দেরিয়া নামের আরও একটি ট্যাংকারে হামলা চালানো হয়।
আরও পড়ুন: ইরানকে সহায়তা করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সেন্টকম জানিয়েছে, হামলার আগে মার্কিন বাহিনী ট্যাংকারগুলোর কর্মীদের জাহাজ থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়। এরপর জাহাজগুলোতে হামলা চালানো হলে সেগুলো অচল হয়ে যায়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








