জিম্বাবুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা
ছবি: সংগৃহীত
টুর্নামেন্টের শুরুটা মোটেই ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। ফেভারিট হিসেবে খেলতে এসে প্রথম ম্যাচেই নামিবিয়ার কাছে হেরেছিল তারা। তবে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। লিগ পর্বের বাকি ম্যাচগুলো জিতে ফাইনালে উঠে শিরোপাও নিজেদের করে নিয়েছে নতুনদের নিয়ে গড়া প্রোটিয়ারা।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে উইন্ডহোকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জিম্বাবুয়েকে ৪৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে ২০৫ রান সংগ্রহ করে তারা। জবাবে ১৫৭ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।
ফাইনালে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক জর্ডান হারমান। ২৯ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করে সেরা খেলোয়াড় হয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস। ১৬৬.১৭ স্ট্রাইক রেটে ২২৬ রান করেছেন এই তরুণ ব্যাটার।
চোটের কারণে ফাইনালে খেলতে পারেননি আগের চার ম্যাচে ২২৬ রান করা লুয়ান ডে প্রিটোরিয়াস। তবে তার অভাব বুঝতে দেননি কনর এস্থেইজেন ও জর্ডান হারমান। উদ্বোধনী জুটিতে ৪৭ বলে ৮৪ রান যোগ করেন তারা।
২৩ বলে ৩২ রান করে ফেরেন এস্থেইজেন। হারমানের ২৯ বলের ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছক্কা। এরপর ব্রেভিস ২৩ বলে ৩২ এবং টনি ডি জর্জি ১১ বলে ১৭ রান করেন। শেষ দিকে রুবিন হারমান ১৬ বলে ২৭ ও ডুয়ান ইয়ানসেন ১৪ বলে ২৩ রানের কার্যকর ইনিংস খেললে দুইশ পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ।
জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নেন ব্র্যাড ইভান্স ও নিউম্যান নিয়ামহুরি।
২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে জিম্বাবুয়ে। মাত্র ২৫ রানেই চার উইকেট হারায় তারা। এরপরও ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। একপর্যায়ে ৮১ রানে আট উইকেট হারিয়ে একশর আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়ে জিম্বাবুয়ে।
আরও পড়ুন: কারাবন্দি ইমরানের চিকিৎসা নিয়ে লারার উদ্বেগ, চাইলেন প্রাপ্য সম্মান
তবে শেষ দিকে ব্যাট হাতে প্রতিরোধ গড়েন ব্র্যাড ইভান্স। পেস বোলিং অলরাউন্ডার ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়ে দলকে দেড়শ রানের গণ্ডি পার করান। ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি।
দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট নেন অধিনায়ক বিয়র্ন ফরটুইন ও ডুয়ান ইয়ানসেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








