‘শিগগির মৈত্রী এক্সপ্রেস চালুর সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে’
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল খুব দ্রুতই পুনরায় শুরু হতে পারে। বিশেষ করে ঢাকা-কলকাতা রুটের জনপ্রিয় মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে দুই দেশের নীতিনির্ধারণী পর্যায়ে ইতিবাচক আলোচনা চলছে এবং যেকোনো মুহূর্তে এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হতে পারে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এই আশাবাদ ব্যক্ত করেন। এর আগে বৈঠকটিতে দুই দেশের মধ্যকার বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার জানান, বর্তমান সময়ে যাতায়াতের জন্য বিমান একটি আলাদা মাধ্যম হলেও সাধারণ মানুষ মূলত সড়ক ও রেলপথের ওপরই বেশি নির্ভর করেন।
তিনি তার রেলমন্ত্রী থাকার অভিজ্ঞতা স্মরণ করে বলেন, রেল সবসময় সাধারণ মানুষের নিরাপদ ও সাশ্রয়ী বাহন। কোনো অনিবার্য কারণে যাত্রীবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত থাকলেও দুই দেশের মধ্যে মালবাহী ট্রেনের (ফ্রেট) চলাচল ও বাণিজ্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যা অত্যন্ত ইতিবাচক দিক। তবে সাধারণ মানুষের যাতায়াতের কথা বিবেচনা করে মৈত্রী এক্সপ্রেসসহ অন্যান্য যাত্রীবাহী ট্রেনগুলো পুনরায় চালুর বিষয়ে দুই দেশই এখন অত্যন্ত আন্তরিক।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে বৈঠকে যোগাযোগ ব্যবস্থার সময় ও দূরত্ব কমানোর বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: যাত্রীবাহী ট্রেন মৈত্রী-বন্ধন-মিতালী চালুতে ইতিবাচক বাংলাদেশ-ভারত
মন্ত্রী জানান, বর্তমানে একটি নির্দিষ্ট রুটে যাতায়াতে যে ছয় থেকে সাত ঘণ্টা সময় ব্যয় হয়, তা কমিয়ে কীভাবে তিন ঘণ্টায় নামিয়ে আনা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে পদ্মা সেতু ও অন্যান্য কারিগরি ও প্রযুক্তিগত দিকগুলো কাজে লাগিয়ে যোগাযোগ আরও সুগম করার উপায় নিয়ে দুইপক্ষ কাজ করছে। বৈঠকে স্থলবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং সড়কপথের যোগাযোগ আরও আধুনিক করার বিষয়েও ঐকমত্য পোষণ করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর সৃষ্ট নানা পরিস্থিতির কারণে নিরাপত্তা জনিত ও অন্যান্য কারণে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস, ঢাকা-শিলিগুড়ি রুটের মিতালী এক্সপ্রেস এবং খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে সম্প্রতি ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী অক্টোবর মাস থেকেই এই আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেনগুলো পুনরায় চালু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
এদিকে, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে রাজনৈতিক কোনো সংবেদনশীল বা জটিল বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি দীনেশ ত্রিবেদী।
রাজনৈতিক বিষয়ে ভিন্ন প্ল্যাটফর্মে আলোচনা হতে পারে উল্লেখ করে তিনি জানান, আজকের এই বৈঠকটি সম্পূর্ণভাবে দুই দেশের সাধারণ মানুষ, বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর কেন্দ্রীভূত ছিল।
সংশ্লিষ্ট মহলের ধারণা, দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে এবং সাধারণ যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে খুব দ্রুতই মৈত্রী এক্সপ্রেস চালুর মধ্য দিয়ে আন্তঃদেশীয় রেল যোগাযোগ স্বাভাবিক হবে। নির্দিষ্ট তারিখ ঘোষণার মধ্য দিয়ে দুই বাংলার সাধারণ মানুষের যাতায়াতের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








