ভারতের সঙ্গে ‘নো হ্যান্ডশেক’ নিয়ে জ্যোতিকেই দায়ী করল বিসিবি
ছবি: সংগৃহীত
মহিলা এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই পরাজয়ের রেশ কাটতে না কাটতেই ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরের সৌজন্যমূলক হাত না মেলানোর ঘটনাটি ক্রিকেট পাড়ায় তীব্র আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। টুর্নামেন্টের এই ফলাফল, দলের ভেতরের পরিবেশ এবং অধিনায়কের নেতৃত্ব নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী প্রশ্ন উঠলেও এখনই কোনো হটকারী বা কঠোর সিদ্ধান্তে যেতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, হারমানপ্রীত কৌরের সঙ্গে হাত না মেলানোর বিষয়টি সম্পূর্ণভাবে নিগার সুলতানা জ্যোতির ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। এর সঙ্গে বোর্ডের কোনো ধরনের সম্পৃক্ততা বা পূর্বপরিকল্পনা ছিল না।
তিনি বলেন, অবশ্যই এটা তার নিজের সিদ্ধান্ত। খেলাধুলার মাধ্যমে সারা বিশ্ব ঐক্যবদ্ধ হয়। যদি খেলাধুলার মাধ্যমে বিভেদের সৃষ্টি হতো, তাহলে ইরান কোনোদিনও আমেরিকায় খেলতে যেত না। সুতরাং আমরা চাই, এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা সব দেশের সঙ্গেই থাকুক। এটা ভারত বলে নয়, সবার সাথেই থাকুক। আর যে যেটা করেছে, সেটা একেবারেই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা আমরা কিছুই জানি না।
দুবাইয়ে অনুষ্ঠিত নারী এশিয়া কাপে ভারতের বিপক্ষে সেমিফাইনালে লড়াইয়ের মানসিকতার ঘাটতি ও ফিল্ডিংয়ের বেহাল দশার কারণে ফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের। শেফালি বার্মার ক্যাচ মিসের মাশুল গুনে ১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৯ রানে থেমে যায় টাইগ্রেসদের ইনিংস।
আরও পড়ুন: ভারতের কাছে হেরে ফাইনাল স্বপ্ন শেষ বাংলাদেশের
টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই দলের একটি অংশ সরাসরি এশিয়ান গেমস খেলতে জাপানের উদ্দেশ্যে রওনা দেওয়ায় এই মুহূর্তে বড় কোনো পরিবর্তনের পথে হাঁটছে না বোর্ড। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ান গেমসের দল ও অধিনায়কের নাম দেড় থেকে দুই মাস আগেই নির্ধারিত ও প্রেরিত হয়েছে। তাই বর্তমান স্কোয়াড ও অধিনায়ককেই এশিয়ান গেমসে পূর্ণ সমর্থন দিচ্ছে বিসিবি। টুর্নামেন্ট শেষ হওয়ার পর দলের সার্বিক পারফরম্যান্স এবং ভুলত্রুটিগুলো মূল্যায়ন করা হবে।
দীর্ঘদিন ধরে নিগার সুলতানা জ্যোতির ব্যক্তিগত ব্যাট হাতে রান খরা এবং তার নেতৃত্ব ও আচরণ ঘিরে বিভিন্ন অভ্যন্তরীণ অভিযোগ জমা পড়েছে বোর্ডের দপ্তরে। পুরুষ ক্রিকেটের মতো নারী দলেও নেতৃত্ব পরিবর্তনে কোনো পদক্ষেপ আসবে কি না এমন প্রশ্নের জবাবে বিসিবি জানিয়েছে যে, বোর্ড সভাপতিসহ শীর্ষ কর্তারা পুরো বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
নারী দলের নেতৃত্ব এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। মেয়েদের ক্রিকেটে নিরাপত্তা এবং শৃঙ্খলার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন নারী বিভাগের চেয়ারম্যান। তবে এশিয়ান গেমস এবং পরবর্তী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ট্যুরের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই নারী দলের ভবিষ্যৎ নেতৃত্ব ও কাঠামোগত পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এশিয়ান গেমসে নারী দল তাদের পূর্বের ভুলগুলো শুধরে দেশের সুনাম ফিরিয়ে আনবে কি না, এখন সেটিই দেখার বিষয়। আসন্ন গেমস শেষেই বিসিবি নারী দলের নেতৃত্ব ও কোচিং প্যানেল নিয়ে তাদের পরবর্তী সুদূর প্রসারী পদক্ষেপগুলো আনুষ্ঠানিকভাবে জানাবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








