কৃষক পর্যায়ে সারে অনিয়ম ও অতিরিক্ত দাম নিলে কঠোর ব্যবস্থা
ছবি: সংগৃহীত
কৃষক পর্যায়ে সার সরবরাহে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত মূল্য আদায় বরদাশত করা হবে না বলে সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।
সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে ডিলার ও খুচরা বিক্রেতাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিএফএ চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে পর্যাপ্ত সার মজুত থাকা সত্ত্বেও অসাধু ও অসংগঠিত ব্যবসায়ীদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একইভাবে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ডিলারদের গুদাম লুট করে সার সংকট তৈরির অপচেষ্টাও বরদাশত করা হবে না।
বিজ্ঞপ্তিতে বিএডিসি, বিসিআইসি ও বেসরকারি খাতের বরাদ্দ করা ইউরিয়া ও নন-ইউরিয়া সার নির্ধারিত সময়ে উত্তোলন করে নিজস্ব গুদামে সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
ডিলারদের উত্তোলন করা সারের আগমনী বার্তা সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তার কাছে জমা দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় বিএফএর হোয়াটসঅ্যাপে পাঠাতে বলা হয়েছে। মজুত ও বিক্রয়ের তথ্য যথাযথভাবে রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। এ ছাড়া বিএফএর জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা ডিলারদের সার বিক্রয় কার্যক্রম মনিটরিং করবেন।
বিএফএ জানিয়েছে, কোনো ডিলার, খুচরা বিক্রেতা বা অন্য কেউ অতিরিক্ত দামে সার বিক্রি করলে কিংবা নীতিমালাবহির্ভূত কর্মকাণ্ডে জড়ালে স্থানীয় প্রশাসন ডিলারশিপ বাতিলসহ আইনগত ব্যবস্থা নিতে পারবে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় বিএফএ কোনো হস্তক্ষেপ করবে না।
আরও পড়ুন: গাড়ির স্টিয়ারিং থেকে ফলের বাগান, মিজানুরের সাফল্যের গল্প
বিজ্ঞপ্তিতে সার উত্তোলন ও নিরবচ্ছিন্ন বিতরণে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিএফএর কেন্দ্রীয় সার সংক্রান্ত মনিটরিং সেল-এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








