‘দেশে সারের পর্যাপ্ত মজুত ও আমদানি অনুমোদন আছে’
ছবি: সংগৃহীত
দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৫ অগাস্ট) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা সারসহ সরকারের সাম্প্রতিক বিভিন্ন তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে মোট ১৩ লাখের বেশি (১৩.৬৫৬) মেট্রিক টন সার গুদাম মজুত আছে। ২০২৫-২৬ অর্থবছরের এ সময় সারের মজুত ছিল ১৩ লাখ মেট্রিক টন।
কোনো কোনো জায়গায় সার বিতরণে অনিয়মের খবর পত্রিকায় আসার কথা উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন এটি তারা খেয়াল করেছেন এবং দ্রুত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
কিছুটা বিতরণের অনিয়ম আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সরকার কৃষক ও জনগণের স্বার্থে বিতরণব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে। সেটা নিয়ে কিছুটা অস্থিরতা, নতুন প্রক্রিয়ার সঙ্গে সমন্বয়ের সমস্যা—এগুলো হচ্ছে। কোনো কোনো ডিলার তার বরাদ্দের সার উত্তোলন করছেন না। এ ধরনের ঘটনার কারণে কোনো জায়গায় কিছুটা সমস্যা তৈরি হচ্ছে। তবে তারা আশা করছেন এটা বেশি দূর এগোবে না।
সংবাদ সম্মেলনে গ্যাসের বিভিন্ন তথ্য, আন্তর্জাতিক প্রেক্ষাপট ও চ্যালেঞ্জের কথা তুলে ধরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, গ্যাসের যথেষ্ট ভালো একটা অবস্থানে যেতে দুই বছরের মতো সময় লাগবে। তার মানে এই না যে আগের চেয়ে খারাপ থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।
নিউজবাংলাদেশ.কম/এনডি








