হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২০৭
ফাইল ছবি
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। নতুন দুজনসহ চলতি বছরের ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৭ জনে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি ও হেলথ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত দুই শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৯৫ জন সন্দেহভাজন এবং ৩৬ জনের দেহে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। অর্থাৎ মোট ১ হাজার ৩১ (অথবা স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগভিত্তিক হিসাবমতে ১ হাজার ৩২) জন নতুন রোগী আক্রান্ত বা উপসর্গ নিয়ে চিকিৎসার আওতায় এসেছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন শনাক্ত ৩৬ জন নিশ্চিত হাম রোগীর মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন এবং রংপুর বিভাগের ১০ জন রয়েছেন।
আরও পড়ুন: হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২০৫
বিভাগভিত্তিক নতুন উপসর্গযুক্ত রোগী বা হাসপাতালে ভর্তির চিত্রে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪০৫ জন (অন্য তথ্যসূত্রে ঢাকার উপসর্গ রোগী ৩৮৬ জন), চট্টগ্রামে ২০০ জন, সিলেটে ১২৫ জন, বরিশালে ৯৪ জন, খুলনায় ৮১ জন, ময়মনসিংহে ৬৫ জন, রংপুরে ৩০ জন এবং রাজশাহী বিভাগে ২১ জন রোগী চিকিৎসা নিতে এসেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬০ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত করা গেছে ২৩ হাজার ২৪৮ জনের দেহে। এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১০৩ জন শিশু মৃত্যুবরণ করেছে।
একই সময়কালে হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৯৩ হাজার ৬০৮ জন শিশু ভর্তি হয়েছে। তাদের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নজরদারিতে রাখার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার তাগিদ দিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








