২৮ অক্টোবর এসএসসির নির্বাচনী পরীক্ষা
ফাইল ছবি
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা আগামী ২৮ অক্টোবর শুরু হবে। ১০ নভেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করে ১৫ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে হবে। এ সময়সীমা নির্ধারণ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সম্প্রতি ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণসংক্রান্ত বিজ্ঞপ্তিতে নির্বাচনী পরীক্ষা আয়োজন, প্রশ্নপত্রের সিলেবাস এবং বিভিন্ন বিষয়ের মূল্যায়নের নম্বর পাঠানোর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। তবে আগের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে এ বাধ্যবাধকতা প্রযোজ্য নয়।
সিলেবাসের ক্ষেত্রে নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নির্ধারিত সিলেবাস অনুসারে প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হবে।
অন্যদিকে, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি প্রশ্নপত্রে অংশ নিতে হবে। ফলে পরীক্ষার্থীদের নিজ নিজ শ্রেণি ও পরীক্ষার ধরন অনুযায়ী নির্ধারিত সিলেবাস অনুসরণ করে প্রস্তুতি নিতে হবে।
আরও পড়ুন: ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া: আন্তঃশিক্ষা বোর্ড
এদিকে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়ে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে পাঠাবে। পরে কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের নম্বর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে।
নম্বর পাঠানোর পাশাপাশি প্রশাসনিক প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে। ব্যবহারিক পরীক্ষা ও ধারাবাহিক মূল্যায়নের নম্বরসংবলিত হাতে লেখা মূল নম্বরপত্র সংশ্লিষ্ট কেন্দ্রের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা শাখায় সরাসরি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা আয়োজন, ফল প্রকাশ এবং মূল্যায়নের নম্বর পাঠানোর কার্যক্রম শেষ করতে শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত ২৪ আগস্ট ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল। এরপর ২২ এপ্রিলের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে। সে হিসাবে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের পর মূল পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য শিক্ষার্থীরা কয়েক মাস সময় পাবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








