শিক্ষা ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৩, ১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে ছুটি। ছুটির তালিকা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন। মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের ছুটির সূচিতে রয়েছে ভিন্নতা।

২০২৬ সালের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি রয়েছে। এ ছাড়া ২৫ অক্টোবর রবিবার লক্ষ্মীপূজার ছুটি থাকায় ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে কলেজের ছুটির সূচি কিছুটা ভিন্ন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার ছুটির তালিকা অনুযায়ী, ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এ সময়ে দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি রাখা হয়েছে।

কলেজের ছুটির আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৬ দিনের বিরতি পাওয়ার সুযোগ পাচ্ছেন।

অন্যদিকে, সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদরাসায় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা ছুটি কাটাবেন।

দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটিতেও রয়েছে বাড়তি সুযোগ। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। এর মধ্যে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি।

আরও পড়ুন: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন স্থগিত

তবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির কোনো অভিন্ন সময়সূচি নেই। বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করে। ফলে দুর্গাপূজা উপলক্ষে একেক বিশ্ববিদ্যালয়ে ছুটির সময়কাল একেক রকম হতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়