মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ
ছবি: সংগৃহীত
দেশের সব মোটরসাইকেলের সামনের দিকে নির্ধারিত শর্ত মেনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ জন্য আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সংস্থাটি। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি বিআরটিএর প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে নিবন্ধন নম্বর প্রদর্শনের পাশাপাশি সামনেও নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এ বিধান বাস্তবায়নে মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটার মোটরসাইকেলের সামনের দিকে ২০০ মিলিমিটার দৈর্ঘ্য ও ১০০ মিলিমিটার প্রস্থের নম্বরপ্লেট লাগাতে হবে। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা হতে হবে কমপক্ষে ২০ মিলিমিটার।
নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। এতে কোনো ধরনের শোভাবর্ধক উপাদান বা নকশা রাখা যাবে না।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এসব প্লেটেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
বিজ্ঞপ্তিতে নিবন্ধন নম্বরের একটি অনুলিপি সামনে প্রদর্শনের উদাহরণ হিসেবে ঢাকা মেট্রো-ল-১১-১২২৯ নম্বর উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: দুর্গাপূজায় দেশজুড়ে এসআরবির ৬ হাজারের বেশি সদস্য মোতায়েন
বিআরটিএ জানিয়েছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত শর্ত মেনে মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শন নিশ্চিত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








