বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:১৯, ১৪ অক্টোবর ২০২৬

ষাটে এসে পিতৃত্বের আকুতি সালমান খানের

ষাটে এসে পিতৃত্বের আকুতি সালমান খানের

ছবি: সংগৃহীত

ষাট বছর বয়সে এসে সন্তানের বাবা হওয়ার তীব্র আকুতি প্রকাশ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি জনপ্রিয় চ্যাট শো কফি উইথ করণ-এর নবম সিজনের উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়ে জীবনের এই অপূর্ণ ইচ্ছার কথা ব্যক্ত করেন তিনি। 

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়ার এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক বন্ধন ও আত্মীয়দের সন্তানদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও, নিজের সন্তান না থাকার অভাব তিনি গভীরভাবে অনুভব করেন এবং জীবনের কোনো একপর্যায়ে হলেও পিতৃত্বের অনুভূতি অর্জন করতে চান।

প্রযোজক ও পরিচালক করণ জোহরের সঞ্চালনায় কফি উইথ করণ-এর এই প্রিমিয়ার পর্বে সালমান তাঁর ব্যক্তিগত জীবন, মানসিক নির্ভরতা এবং জীবনে একজন জীবনসঙ্গীর প্রয়োজনীয়তা নিয়ে খোলামেলা আলোচনা করেন। সঞ্চালক করণ জোহর যখন জানতে চান, ভাইঝি ও ভাইপোদের প্রতি অগাধ ভালোবাসা থাকা সত্ত্বেও তিনি কি নিজের কোনো সন্তানের অভাব বোধ করেন? 

উত্তরে সালমান স্বীকার করেন যে নিজের সন্তানের অভিজ্ঞতা লাভ করা এমন একটি বিষয়, যা তিনি ভবিষ্যতে নিশ্চিতভাবেই পেতে চান। দীর্ঘ ক্যারিয়ারে বিয়ে কিংবা সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন থাকলেও পরিবার গঠন বা সন্তান নেওয়ার বিষয়ে তাঁকে সচরাচর এত প্রাঞ্জল ও প্রকাশ্য আলোচনা করতে দেখা যায়নি।

আরও পড়ুন: বিবাহবার্ষিকীতে ডিভোর্সের চিঠি পেয়েছিলেন সেলিনা জেটলি

তবে পিতৃত্ব নিয়ে সালমান খানের এই আগ্রহ এবারই প্রথম নয়। এর আগে ২০২৩ সালে একটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান আপ কি আদালত-এ অংশ নিয়ে তিনি জানিয়েছিলেন যে বিয়ের ইচ্ছা না থাকলেও কেবল সন্তান পাওয়ার উদ্দেশ্যে তিনি সারোগেসির (গর্ভ ভাড়া) সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তৎকালীন ভারতীয় আইন ও নীতিগত জটিলতার কারণে তার সেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি। 

অনুষ্ঠানে করণ জোহরের সারোগেসির মাধ্যমে যমজ সন্তান লাভের প্রসঙ্গ টেনে অভিনেতা বলেছিলেন, আগামী চার-পাঁচ বছরের মধ্যে যদি তার সন্তান জন্ম নেয়, তবে অন্তত তাদের সঙ্গে খেলাধুলা করে কাটানোর জন্য তিনি জীবন থেকে আরও ২০ থেকে ২৫ বছর সময় পাবেন।

অনুষ্ঠানটিতে কেবল আবেগঘন মুহূর্তই নয়, বরং করণ ও সালমানের আড্ডায় উঠে এসেছে হাস্যরস ও পুরোনো স্মৃতির নানা রসদ। প্রচার ঝলকে সালমানকে রসিকতা করে বলতে শোনা যায়, কফি উইথ করণের পর এবার কফি উইথ সালমান হবে। 

আড্ডার একপর্যায়ে করণ জোহর যখন সালমানের চিরচেনা কৌমার্য নিয়ে প্রশ্ন করেন, তখন সালমান সহাস্যে উত্তর দেন সংযত হও ভাই, সংযত হও। এর আগে অন্য একটি সিজনে নিজের কৌমার্য না হারানোর দাবি করেছিলেন এই তারকা। তবে পুরোনো স্মৃতিচারণের পাশাপাশি জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কথা স্বীকার করে সালমান জানান, এত দিন তিনি অন্যদের যে পরামর্শ দিয়ে এসেছেন, এখন তা নিজের জীবনে মেনে চলার সময় এসেছে।

উল্লেখ্য, ভারতীয় বিনোদন জগতে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সমাদৃত চ্যাট শো কফি উইথ করণ-এর নবম সিজনটি ১৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় জিওহটস্টার-এ প্রিমিয়ার হয়েছে। 

সম্প্রচারকারী সূত্রের খবর অনুযায়ী, প্রতি বুধবার নতুন পর্ব নিয়ে হাজির হবে এই অনুষ্ঠান। তবে বিনোদন অঙ্গনে জোর গুঞ্জন রয়েছে যে, দীর্ঘ ২২ বছরের ধারাবাহিক যাত্রার পর এই সিজনটির মাধ্যমেই সমাপ্তি ঘটতে যাচ্ছে জনপ্রিয় এই টক শো-টির।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়