মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
ছবি: সংগৃহীত
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা এবং মসজিদের মর্যাদা ও পবিত্রতা লঙ্ঘনের অপরাধে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সৌদির নিরাপত্তা ও বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে আনুষ্ঠানিকভাবে এই দণ্ড বাস্তবায়ন করে দেশটির কর্তৃপক্ষ।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম আজেল নিউজ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আব্দুল বাসির এবং সিথি আক্তার। তবে বাংলাদেশে তাদের নিজ বাড়ি বা স্থায়ী ঠিকানা কোথায়, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবরণ অনুযায়ী, পবিত্র নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ওই দুই বাংলাদেশিকে হাতেনাতে আটক করে স্থানীয় নিরাপত্তা বাহিনী। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ তদন্ত পরিচালনা করা হয় এবং সুনির্দিষ্ট অপরাধের তথ্য-প্রমাণ মিললে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিষয়টি বিচারবিভাগীয় আদালতে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: সৌদি প্রবাসীদের জন্য কনস্যুলেটের কড়া সতর্কতা
বিচার প্রক্রিয়ায় আসামিদের বিরুদ্ধে আনীত সব অভিযোগ প্রমাণিত হলে বিজ্ঞ আদালত ঘটনাটির গুরুত্ব এবং সময় ও স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় এনে তাজির বা বিচারকের বিচক্ষণতামূলক এখতিয়ারের আওতায় মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরবর্তীতে সৌদি আরবের উচ্চতর বিচারিক আদালতসমূহ এই রায় বহাল রাখেন এবং চূড়ান্তভাবে রাজকীয় আদেশ জারির পর গত বুধবার তা বাস্তবায়ন করা হয়।
ঘটনার বিস্তারিত জানা গেলেও সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সুনির্দিষ্টভাবে কী ধরণের অনৈতিক কাজ বা ঘটনা ঘটেছিল, কিংবা মক্কার কোন মসজিদে এটি সংগঠিত হয়েছিল সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
মৃত্যুদণ্ড কার্যকরের পর দেওয়া বিবৃতিতে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, পবিত্র স্থান ও মসজিদগুলোর ভাবমূর্তি রক্ষা, দেশের নিরাপত্তা বজায় রাখা এবং শরিয়া বা ইসলামি আইনের কঠোর প্রয়োগে সৌদি সরকার সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি ভবিষ্যতে কেউ যদি পবিত্র স্থানসমূহের অমর্যাদা বা এ জাতীয় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার চেষ্টা করে, তবে তাকেও কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলে কড়া সতর্কবার্তা প্রদান করেছে দেশটির কর্তৃপক্ষ।
নিউজবাংলাদেশ.কম/পলি








