‘ক্যাম্পাসে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর উদ্ধার চুয়েট উপাচার্য
ছবি: সংগৃহীত
প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উদ্ধার করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যস্থতায় প্রশাসনিক ভবন থেকে তাকে নিরাপদে বের করে আনা হয়। পরে পুলিশি নিরাপত্তায় তাকে নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
গত সোমবার সকালে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বাধার মুখে চুয়েটের প্রশাসনিক ভবনে প্রবেশ করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। এরপর থেকেই ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ সময় উপাচার্যসহ ভবনের ভেতরে মোট ১২ জন অবরুদ্ধ ছিলেন, যার মধ্যে শিক্ষক ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মীও ছিলেন। টানা ৩০ ঘণ্টা ধরে চলা এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি নিরসনে মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে চুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার মো. মাসুদ আলম।
আরও পড়ুন: চুয়েটে ২১ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্য
উদ্ধার অভিযানের একপর্যায়ে জেলা প্রশাসক জানান, একজন সম্মানিত শিক্ষক তাদের কাছে নিরাপত্তা ও চিকিৎসার জন্য আবেদন করেছেন, তাই তাকে নিরাপদে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তীতে সন্ধ্যা ৬টার দিকে প্রশাসনিক ভবন থেকে উপাচার্যকে বের করে আনা হলে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে মাইকে ঘোষণা দেওয়া হয় যে, তিনি আর কখনো চুয়েট ক্যাম্পাসে ফিরবেন না এমন শর্তেই তাকে ক্যাম্পাস ত্যাগ করতে দেওয়া হচ্ছে। উপাচার্যকে বহনকারী অ্যাম্বুলেন্সটি যখন ক্যাম্পাস ছাড়ছিল, তখন শিক্ষার্থীরা ভুয়া, ভুয়া স্লোগান দিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় বহালের দাবিতে শিক্ষার্থীরা কিছুদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছিলেন। বর্তমান উপাচার্যের নিয়োগকে কেন্দ্র করে এই অসন্তোষ তীব্র রূপ নেয়, যার ফলে দীর্ঘ এই অবরোধের ঘটনা ঘটে।
নিউজবাংলাদেশ.কম/পলি








