রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন
ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত চার বাংলাদেশি রিয়াদের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত চার বাংলাদেশি কিং খালিদ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
তিনি বলেন, নিহত ব্যক্তিরা বাংলাদেশের কোন জেলার বাসিন্দা এবং দেশে তাদের পরিবারের সদস্য কারা, তা জানার চেষ্টা করা হচ্ছে। তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। এর আগে হুথিদের হামলায় একজন বাংলাদেশি নিহত হয়েছিলেন। এবার আরও দুই বাংলাদেশি প্রাণ হারালেন।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে শামা ওবায়েদ বলেন, নিহতদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাঁদের বেহেশত নসিব করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, হতাহতের বিষয়ে আর কোনো দুঃসংবাদ আসবে না।
প্রতিমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে এরই মধ্যে ১৪ জন বাংলাদেশিকে হারিয়েছি আমরা। এ ধরনের বিপর্যয় ও হামলা বন্ধ হওয়া প্রয়োজন। এমন মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর।
বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী সব সময় বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা ও দেখভালের ওপর গুরুত্ব দিয়েছেন। প্রবাসী কর্মীরা দেশের রেমিট্যান্সযোদ্ধা। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রথম অগ্রাধিকার।
তিনি জানান, সৌদি আরবে বাংলাদেশের মিশন সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করছে এবং হতাহতদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে। পাশাপাশি বাংলাদেশিরা যাতে যথাসম্ভব নিরাপদে থাকতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।
হামলার পর রিয়াদগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। ওই সময় কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের কোনো ফ্লাইট ছিল কি না বা কোনো ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো তথ্য সরকারের কাছে নেই। হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছে।
আরও পড়ুন: পানির ন্যায্য হিস্যা দিয়েই ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী
নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহতদের চিকিৎসার বিষয়ে সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ঘটনাটি মাত্র ঘটেছে। এ বিষয়ে সৌদি সরকার এবং সেখানে বাংলাদেশি কর্মীদের নিয়োগ দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








