সেনাবাহিনী ও সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারের বিষয়ে সতর্ক করল আইএসপিআর
ফাইল ছবি
বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে লক্ষ্য করে অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। একই সঙ্গে এ ধরনের কোনো কুচক্রী অপপ্রচারে প্রভাবিত না হয়ে দেশবাসীকে সচেতন থাকার এবং যেকোনো তথ্যের জন্য আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য সূত্র অনুসরণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১০ অক্টোবর) রাতে আইএসপিআরের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর উল্লেখ করে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ডিজিটাল মাধ্যম, বিশেষ করে ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে মনগড়া ও কাল্পনিক তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে।
পর্যালোচনা করে দেখা গেছে, এসব অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের পেছনে মূলত একটি বিশেষ গোষ্ঠীর উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত রয়েছে। জনমনে অহেতুক বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করা এবং পেশাদার সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করাই তাদের মূল অপচেষ্টা।
আইএসপিআর অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছে, বিভ্রান্তিকর এসব তথ্যে প্ররোচিত বা বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বস্তরের নাগরিকদের প্রতি বিনীত অনুরোধ জানানো হচ্ছে। জাতীয় সুরক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো সংবাদের সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি।
আরও পড়ুন: একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ সেনাপ্রধান
সেনাবাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সুসংগঠিত কাঠামোর কথা পুনর্ব্যক্ত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, অভেদ ঐক্য, কঠোর শৃঙ্খলা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের ভিত্তির ওপর বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা ঐক্যবদ্ধ রয়েছে। বাহিনীর প্রতিটি সদস্য চেইন অব কমান্ডের প্রতি সম্পূর্ণ অনুগত এবং যেকোনো ধরনের অপপ্রচার এই ঐক্যে ফাটল ধরাতে পারবে না। দেশ ও জনগণের নিরাপত্তা বিধান এবং সংবিধানপ্রদত্ত অর্পিত দায়িত্ব পালনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ ও সংকল্পবদ্ধ।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সেনাবাহিনী কিংবা সেনাবাহিনী প্রধান সম্পর্কিত কোনো সংবাদ বা তথ্যের ক্ষেত্রে সামাজিক মাধ্যমে প্রচারিত কোনো অসংলগ্ন গুজব বিশ্বাস না করে কেবল আইএসপিআরের ওয়েবসাইট, অফিসিয়াল সামাজিক মাধ্যম পেজ ও প্রেস বিজ্ঞপ্তির মতো আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণ করতে হবে।
উল্লেখ্য, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে একটি বিশেষ মহল সামাজিক মাধ্যমে সেনাপ্রধান ও সেনাবাহিনীকে নিয়ে মনগড়া তথ্য ছড়িয়ে বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা বিনাশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ইতোমধ্যে এসব অপপ্রচারের উৎস চিহ্নিত করতে এবং বিভ্রান্তি সৃষ্টকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে তৎপর রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








