‘কোনো উপজেলাকে বঞ্চিত করে উন্নয়ন নয়’
ছবি: সংগৃহীত
দল, মত কিংবা নির্দিষ্ট কোনো অঞ্চলকে প্রাধান্য না দিয়ে দেশের প্রতিটি উপজেলার মানুষের সমান অধিকার ও স্বার্থকে গুরুত্ব দিয়ে সুষম উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি, যেখানে কোনো একটি নির্দিষ্ট উপজেলা এমন বিশেষ সুবিধা পাবে না যা পার্শ্ববর্তী উপজেলার মানুষ থেকে বঞ্চিত হয়।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওস্থ সমবায় ভবনের মাল্টিপারপাস হলে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উদ্যোগে আয়োজিত সমবায় সমিতির মাধ্যমে নগর ও পল্লী অঞ্চলে সৌরবিদ্যুৎ স্থাপনে কর্মকৌশল নির্ধারণ শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়া সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ।
স্থানীয় সরকারব্যবস্থাকে গণতন্ত্রের মূল সূতিকাগার হিসেবে অভিহিত করে ড. আবদুল মঈন খান বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো এই ব্যবস্থাকে সম্পূর্ণভাবে জনগণের দোরগোড়ায় ফিরিয়ে দেওয়া। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার হিসেবে সমাজের সর্বস্তরের মানুষের ভালো-মন্দের কথা বিবেচনা করেই যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। জনপ্রতিনিধিদের পাঁচ বছর পর পুনরায় জনগণের মুখোমুখি ও পরীক্ষার সম্মুখীন হতে হয় উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রকৃত সেবা নিশ্চিত করা এবং স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল দায়িত্ব।
সরকারি কর্মকর্তাদের নিছক চাকরিজীবী হিসেবে না দেখে দেশের ১৮ কোটি মানুষের সেবক হিসেবে উল্লেখ করেন স্থানীয় সরকার মন্ত্রী। তাদের কাজের সঠিক মূল্যায়ন এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন-ভাতা পুনর্বিন্যাস করার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। সীমিত সম্পদের কারণে একসঙ্গে সবকিছু বাস্তবায়ন করা দুরূহ হলেও আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে। এছাড়া মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে সরকারি চাকরিজীবীদের বার্ষিক বেতন সমন্বয়ের বিষয়টি মন্ত্রিসভায় উত্থাপন করা হয়েছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: আমদানিনির্ভর জ্বালানি থেকে বের হতে চায় বাংলাদেশ: আমীর খসরু
অন্যদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিগত বছরগুলোতে বেতন বৃদ্ধি না হওয়ার ফলে সরকারি কর্মচারীদের পারিবারিক ও আর্থিক সংকটের বিষয়টি তুলে ধরে বর্তমান সরকার তা লাঘবে সচেষ্ট রয়েছে বলে জানান। তিনি দলীয় সংকীর্ণতা পরিহার করে সবাইকে একযোগে সরকারের উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের আহ্বান জানান।
আলোচনা সভায় জ্বালানি খাতের ওপর গুরুত্বারোপ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রথাগত জ্বালানির মজুদ ফুরিয়ে আসায় বর্তমান প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানি বা সৌরশক্তির ব্যবহার ব্যাপকভাবে বাড়ানো আবশ্যক। সৌরশক্তির সঠিক ব্যবহার একদিকে যেমন রাষ্ট্রীয় ব্যয় কমাবে, অন্যদিকে সাধারণ মানুষের জীবনমান উন্নত করতে কার্যকরী ভূমিকা রাখবে।
এ প্রসঙ্গে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম আশা প্রকাশ করেন যে, খুব শীঘ্রই দেশে সৌরবিদ্যুৎ উৎপাদন একটি বড় সামাজিক আন্দোলনে রূপ নেবে।
তিনি জানান, ইতিপূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার বিভাগের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান ও হাটবাজারের ছাদে সৌরপ্যানেল স্থাপনের সুনির্দিষ্ট সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় খাতের অধীন নিবন্ধিত সমিতিগুলোর মাধ্যমেও সৌরপ্যানেল বসানো গেলে দেশের সাময়িক বিদ্যুৎ সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে। ইতোমধ্যে সৌরপ্যানেল স্থাপন ও আনুষঙ্গিক সেবা ক্রয়ের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে ৩৯০ কোটি টাকা ছাড় বা বরাদ্দ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সমবায় সমিতির বহুমুখী কার্যকারিতা নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, কেবল কাগজে-কলমে নিবন্ধিত সমিতির সংখ্যা বৃদ্ধি করলেই চলবে না, বরং সেগুলোকে বাস্তবমুখী ও জনকল্যাণমূলক সংস্থায় রূপান্তর করতে হবে। বর্তমানে দেশে প্রায় আড়াই লাখ নিবন্ধিত সমবায় সমিতি রয়েছে। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ যেন সহজেই সমবায় গঠন করে স্বাবলম্বী হতে পারে, সেজন্য নিবন্ধন প্রক্রিয়া সহজতর করার ওপরও জোর দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে (বিআরডিবি) একটি পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরসহ প্রাতিষ্ঠানিক কাঠামোগত সংস্কার ও সুযোগ-সুবিধা বাড়ানোর প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাঠপর্যায়ের কর্মচারীরা উপস্থিত থেকে গ্রামীণ অর্থনীতি ও সমবায়ভিত্তিক উন্নয়ন নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








