বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২১, ১০ অক্টোবর ২০২৬

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

ছবি: সংগৃহীত

দেশের খ্যাতনামা সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী ইবরার টিপু দীর্ঘ প্রায় দুই বছর ধরে কিডনি ক্যানসারের সঙ্গে এক কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন এই শিল্পীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গেছে। সম্প্রতি তার মস্তিষ্কে (ব্রেইন সার্জারি) একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হলেও শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

হাসপাতাল থেকে জোরপূর্বক বাসায় ফেরা এবং পরিবারের শঙ্কাদীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ইবরার টিপুকে সম্প্রতি তার মার্কিন বাসায় ফিরিয়ে আনা হয়েছে। শিল্পীর স্ত্রী, সংগীতশিল্পী বিন্দু কণার বরাত দিয়ে জনপ্রিয় গীতিকার কবির বকুল জানিয়েছেন, হাসপাতালে তার কাঙ্ক্ষিত ও যথাযথ চিকিৎসা হচ্ছিল না বলে পরিবারের জোরালো ধারণা জন্মে। সে কারণেই অনেকটা জোর করেই তাকে হাসপাতাল থেকে নিজ বাসায় নিয়ে আসেন পরিবারের সদস্যরা। 

দূর প্রবাসে চিকিৎসাধীন ইবরার টিপুর সঙ্গে সম্প্রতি ভিডিও কলে কথা বলার সুযোগ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত গীতিকার কবির বকুল ও তার সহধর্মিণী সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। এই যোগাযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস দেন কবির বকুল।

আরও পড়ুন: নীলের মায়ায় জয়া আহসান, নতুন ছবিতে মুগ্ধ ভক্তরা

স্মৃতিচারণা করে কবির বকুল উল্লেখ করেন, এ বছরের রোজার ঈদের সময় অসুস্থ শরীর নিয়েই নিউইয়র্কে তাদের বাসায় এসেছিলেন ইবরার টিপু। দীর্ঘকাল পর ভিডিও কলে তার সঙ্গে কথা বলার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এই গীতিকার জানান, মারাত্মক শারীরিক লড়াইয়ের মধ্যেও মানুষটির চোখে-মুখে সেই চিরপরিচিত মায়া ও ভদ্রতা লেপ্টে আছে। তবে মহাসমুদ্রের দূরত্বে থেকে প্রিয় সহকর্মীর জন্য বিশেষ কিছু করতে না পারার চরম আক্ষেপ ও বেদনায় তার বুক ভেঙে আসছে বলে তিনি প্রকাশ করেন।

বাংলা সংগীতজগতে ইবরার টিপুর অবদান অত্যন্ত সমৃদ্ধ। তার সুমধুর সুর ও কালজয়ী সংগীতায়োজনে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য গানগুলো হলো তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না, ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে, বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ।   

একজন মৃদুভাষী, সদাহাস্যোজ্জ্বল ও অমায়িক মানুষ হিসেবে সংগীতাঙ্গনে দারুণ পরিচিত ইবরার টিপু। হঠাৎ এমন দূরারোগ্য ব্যাধি ও শারীরিক বিপর্যয় তার পুরো পৃথিবীকে ওলটপালট করে দিয়েছে। প্রিয় সহকর্মীর এই দুঃসময়ে দেশের অগণিত ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সংগীতশিল্পীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কবির বকুলসহ পুরো সংগীতাঙ্গনের মানুষের একটাই প্রার্থনা মহান সৃষ্টিকর্তা যেন ইবরার টিপুকে দ্রুত সুস্থ করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়