বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪০, ৪ অক্টোবর ২০২৬

চলে গেলেন কিংবদন্তি নির্মাতা সিঙ্গীতম শ্রীনিবাস রাও

চলে গেলেন কিংবদন্তি নির্মাতা সিঙ্গীতম শ্রীনিবাস রাও

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা সিঙ্গীতম শ্রীনিবাস রাও । ছবি: সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা সিঙ্গীতম শ্রীনিবাস রাও আর নেই।

শনিবার (৩ অক্টোবর) রাতে ৯৪ বছর বয়সে চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

বয়সজনিত নানা শারীরিক জটিলতায় কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন এই বর্ষীয়ান নির্মাতা। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

১৯৩১ সালের ২১ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের গুডুরে জন্মগ্রহণ করেন সিঙ্গীতম শ্রীনিবাস রাও। ছয় দশকের দীর্ঘ ক্যারিয়ারে তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দিসহ একাধিক ভাষায় চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। প্রচলিত গল্প বলার ধরন থেকে বেরিয়ে নতুন ভাবনা, ভিন্নধর্মী নির্মাণশৈলী এবং নানা ঘরানায় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে নিজের আলাদা অবস্থান তৈরি করেছিলেন এই নির্মাতা।

চলচ্চিত্রে তার পথচলা শুরু হয় নির্মাতা এলভি প্রসাদের সহকারী হিসেবে। ১৯৭২ সালে নীতি নিজায়িতি সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। এরপর একে একে নির্মাণ করেন বেশ কিছু প্রশংসিত চলচ্চিত্র। তার সবচেয়ে আলোচিত কাজগুলোর একটি পুষ্পক বিমানম।

১৯৮৭ সালে মুক্তি পাওয়া কমল হাসান অভিনীত এই সিনেমায় কোনো সংলাপ ছাড়াই কালো হাস্যরসের গল্প বলা হয়। ব্যতিক্রমী নির্মাণশৈলীর জন্য সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা জনপ্রিয় চলচ্চিত্রের স্বীকৃতি পায়।

নব্বই পেরিয়েও চলচ্চিত্র নির্মাণের আগ্রহ হারাননি সিঙ্গীতম শ্রীনিবাস রাও। তার সর্বশেষ সিনেমা সিং গীতম, যার প্রযোজক নাগ অশ্বিন। চলতি বছর সিনেমাটির কাজ শেষ হয়।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। জুনিয়র এনটিআর তাকে সময়ের চেয়ে এগিয়ে থাকা একজন দূরদর্শী নির্মাতা হিসেবে স্মরণ করেছেন।

আরও পড়ুন: তারকা হওয়ার স্বপ্নে টুম্পা থেকে হয়ে গেলেন ইধিকা

চিরঞ্জীবী বলেন, সিঙ্গীতম শ্রীনিবাস রাওয়ের কল্পনা ও নতুন কিছু করার সাহস ভারতীয় সিনেমাকে দিয়েছে বহু স্মরণীয় চলচ্চিত্র। ভেঙ্কটেশ দাগ্গুবতী, সুধীর বাবু, কিরণ আব্বাভারাম ও সংগীত পরিচালক দেবী শ্রী প্রসাদও তার মৃত্যুতে শোক জানিয়েছেন। সূত্র: ইন্ডিয়া টুডে

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়