রাজের কাছ থেকেই সবচেয়ে বেশি অপমানিত হয়েছি: পরীমণি
ছবি: সংগৃহীত
চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরীফুল রাজ ২০২১ সালে বিয়ে করেন। তবে ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান তারা। বিচ্ছেদের পর এবার সাবেক স্বামীকে নিয়ে পরীমণির একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।
জনপ্রিয় পডকাস্ট বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে-তে দেওয়া ওই সাক্ষাৎকারে নিজের অতীত সম্পর্ক, বিচ্ছেদ এবং শরীফুল রাজকে নিয়ে খোলামেলা কথা বলেন পরীমণি।
সাক্ষাৎকারে বিয়ে ও বিচ্ছেদ প্রসঙ্গে অভিনেত্রী জানান, রাজকে বিয়ে করা কিংবা জীবনের কোনো সিদ্ধান্তকেই তিনি ভুল মনে করেন না। তার কাছে জীবনের প্রতিটি ঘটনাই একেকটি অভিজ্ঞতা।
অন্য প্রাক্তনদের সঙ্গে সম্পর্ক ভাঙার প্রসঙ্গে পরীমণি বলেন, সেসব বিচ্ছেদের সময় অসৌজন্যমূলক পরিস্থিতি কিংবা আত্মসম্মানে আঘাত লাগার মতো ঘটনা ঘটেনি। বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখেই সম্পর্কের ইতি ঘটেছিল, যাতে ভবিষ্যতে কোথাও দেখা হলে অস্বস্তিতে পড়তে না হয়।
তবে শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের অভিজ্ঞতা ছিল একেবারেই আলাদা বলে জানান অভিনেত্রী।
আক্ষেপ প্রকাশ করে পরীমণি বলেন, যার কাছ থেকে সবচেয়ে বেশি শ্রদ্ধা পাওয়ার কথা ছিল, সেই সাবেক স্বামীর কাছ থেকেই তিনি সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন। অথচ তাদের বিচ্ছেদ আরও সুন্দর ও সম্মানজনক হতে পারত বলে মনে করেন তিনি।
২০২১ সালে বিয়ের পর ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান রাজ ও পরীমণি। বিচ্ছেদের পর ছেলে শাহীম মোহাম্মদ পুণ্যকে একাই লালন-পালন করছেন অভিনেত্রী। পরবর্তীতে প্রিয়ম নামে একটি কন্যাসন্তান দত্তক নেন তিনি।
আরও পড়ুন: কাশফুলের রাজ্যে পূজা চেরী, ছবি দেখে মুগ্ধ ভক্তরা
পরীমণির পুরোনো এই সাক্ষাৎকারের বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








