বিনোদন প্রতিবেদক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৯, ৫ অক্টোবর ২০২৬

১০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা প্রীতম-শাহতাজের

১০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা প্রীতম-শাহতাজের

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শাহতাজ মুনিবারা হাশেম।

রবিবার (৪ অক্টোবর) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক যৌথ বার্তায় তারা বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আনেন।

যৌথ বার্তায় প্রীতম ও শাহতাজ জানান, একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য তারা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা সবসময় বজায় থাকবে। তবে সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যের কারণে দুজনের জন্যই আলাদা পথে এগিয়ে যাওয়া শ্রেয়।

তারা জানান, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এ কঠিন সিদ্ধান্তে পৌঁছেছেন।

বর্তমানে তাদের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলছে। জীবনের নতুন অধ্যায়ে তারা আলাদাভাবে পথ চলতে চান বলেও যৌথ বার্তায় জানিয়েছেন।

প্রীতম ও শাহতাজ বলেন, পরিবর্তনের এই সময়ে তাদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখাতে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তারা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছেন। বিষয়টি সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করারও আহ্বান জানিয়েছেন তারা।

আরও পড়ুন: চলে গেলেন কিংবদন্তি নির্মাতা সিঙ্গীতম শ্রীনিবাস রাও

যৌথ বার্তার শেষাংশে এতদিন যারা তাদের পাশে থেকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, সেই শুভাকাঙ্ক্ষীসহ সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রীতম ও শাহতাজ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়