তারকা হওয়ার স্বপ্নে ‘টুম্পা’ থেকে হয়ে গেলেন ইধিকা
ইধিকা পাল। ছবি: সংগৃহীত
ঢালিউড তারকা শাকিব খানের বিপরীতে প্রিয়তমা সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আলোচনায় আসেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এরপর শাকিবের সঙ্গে বরবাদ সিনেমাতেও অভিনয় করেন তিনি। পরে টালিউডে দেবের বিপরীতে খাদান সিনেমায় অভিনয় করে দুই বাংলার দর্শকের কাছে পরিচিতি পান এই অভিনেত্রী।
তবে পর্দার এই অভিনেত্রীর আসল নাম ইধিকা নয়। অভিনয় জীবনের শুরুর দিকে তার নাম ছিল টুম্পা পাল। আরব্য রজনী, কপালকুণ্ডলা ও রিমলির মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের সময়ও তিনি টুম্পা নামেই পরিচিত ছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বড় পর্দায় আত্মপ্রকাশ এবং বিনোদন অঙ্গনে আলাদা পরিচিতি তৈরির লক্ষ্যেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। টুম্পা নামটি বেশ প্রচলিত হওয়ায় ইন্ডাস্ট্রির জন্য তুলনামূলক ভিন্নধর্মী একটি নাম বেছে নেওয়ার কথা ভাবেন তিনি। পরে ইধিকা নামটি গ্রহণ করেন।
নাম পরিবর্তনের পর নতুন পরিচয়ে বড় পর্দায় পথচলা শুরু করেন অভিনেত্রী। শাকিব খান ও দেবের মতো তারকার সঙ্গে একাধিক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি।
আরও পড়ুন: শুটিংয়ে আহত অমিতাভ বচ্চন
জানা গেছে, নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ চলচ্চিত্রে দেখা যেতে পারে ইধিকা পালকে। পাশাপাশি পরিচালক পথিকৃৎ বসুর একটি নতুন সিনেমায় অভিনেতা জিতের বিপরীতে অভিনয়ের বিষয়েও আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো প্রযোজনা প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট শিল্পীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








