নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:০৭, ২ অক্টোবর ২০২৬

ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আলতা-শাখায় পরিচয় খোঁজার চেষ্টা

ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আলতা-শাখায় পরিচয় খোঁজার চেষ্টা

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পূর্ব দৌলজোর এলাকায় করতোয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক মধ্যবয়সি নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের চেহারা সম্পূর্ণ বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তার হাতে থাকা ভাঙা শাখা ও আলতা দেখে প্রাথমিকভাবে তিনি হিন্দু ধর্মাবলম্বী ও বিবাহিত নারী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ একে আত্মহত্যা হিসেবে প্রাথমিক ধারণা করলেও নিহতের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে।

শুক্রবার (০২ অক্টোবর) বিকেল ৩টার দিকে লালমনিরহাট স্টেশন থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে পূর্ব দৌলজোর এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার কিছু সময় আগে থেকেই এক নারী মুখ ঢেকে রেললাইনের পাশের একটি গাছের নিচে একা বসেছিলেন। এ সময় লালমনিরহাট স্টেশন থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার মুহূর্তে তিনি হঠাৎ দ্রুত গিয়ে রেললাইনের ওপর উঠে পড়েন। চলন্ত ট্রেনের ধাক্কায় তার শরীর বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রেনটি কিছুক্ষণের জন্য থামলেও পরবর্তীতে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

আরও পড়ুন: ময়মনসিংহে বাসচাপায় নারী ও শিশুসহ নিহত ৭

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ট্রেনের ধাক্কায় নিহতের মুখমণ্ডল ও শরীর এমনভাবে ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে যে চেহারা দেখে তাকে চেনার কোনো উপায় নেই। তবে তার হাতের ভাঙা শাখা এবং আঙুলে লাগানো আলতা দেখে ধারণা করা হচ্ছে তিনি বিবাহিত ও হিন্দু ধর্মাবলম্বী। নিহতের পরিচয় এবং তার পরিবারের লোকজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পরিচয় মিল না গেলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়