এবার বাড়লো অটোগ্যাসের দাম
ছবি: সংগৃহীত
যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে অটোগ্যাস ও এলপিজি সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করে বিইআরসি। নতুন এ দাম রবিবারসন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অক্টোবর ২০২৬ মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কনট্রাক্ট প্রাইস) প্রতি মেট্রিক টন যথাক্রমে ৬৮০ মার্কিন ডলার ও ৭৩০ মার্কিন ডলার। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী এ দুই গ্যাসের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৭১২ দশমিক ৫০ মার্কিন ডলার বিবেচনায় অক্টোবর ২০২৬ মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের ভোক্তা পর্যায়ের মূল্য সমন্বয় করা হয়েছে।
আরও পড়ুন: ১২ কেজি এলপিজির দাম বাড়লো ২৫২ টাকা
এতে আরও বলা হয়েছে, নির্ধারিত নতুন দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








