স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২০, ২ অক্টোবর ২০২৬

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৬ কোটি ৬০ লাখ ডলার

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৬ কোটি ৬০ লাখ ডলার

ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৪ হাজার কোটি টাকার বেশি, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ মাসিক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে দেশে ২৭৬ কোটি ৬০ লাখ ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন প্রবাসীরা। আগের বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮৬ কোটি ডলার। আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ডলার। ফলে অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) মোট রেমিট্যান্স এসেছে ৮৫৯ কোটি ১০ লাখ ডলার।

আগের অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।

রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। বৈধ চ্যানেলে প্রবাসী আয় বাড়লে দেশে ডলারের সরবরাহ বাড়ে, যা আমদানি ব্যয় মেটানো ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় সহায়তা করে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, হুন্ডি প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ, প্রবাসীদের জন্য প্রণোদনা এবং ব্যাংকিং সেবা সহজ হওয়ায় বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। ধারাবাহিকভাবে প্রবাসী আয় বাড়ায় দেশের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়ছে।

এদিকে ২০২৫-২৬ অর্থবছরে দেশে বৈধ চ্যানেলে মোট ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ।

আরও পড়ুন: মেট্রোরেলের লাইন নির্মাণে ৪৬০০০ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন

বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে এর আগে এত বেশি রেমিট্যান্স আসেনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়