|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৭, ২ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৪৩, ২ অক্টোবর ২০২৬

বিমানবন্দরে বিশৃঙ্খলা, জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

বিমানবন্দরে বিশৃঙ্খলা,  জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং মারধরের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি করেন।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শুক্রবার মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তাকে গ্রেফতার করা হবে কি না জানতে চাইলে ওসি বলেন, এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। মামলা হওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, ব্যাপক যাত্রীচাপের কারণে বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীরা লাগেজ পেতে বিলম্ব হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পাশাপাশি মারধরের হুমকি দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এ সময় তিনি বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়।

এজাহারে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন এতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আখতারুজ্জামান তাকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণেরও অভিযোগ আনা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে মেজর (অব.) আখতারুজ্জামানের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুন: আজ দেশে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি

উল্লেখ্য, মেজর (অব.) আখতারুজ্জামান বিএনপির সাবেক সংসদ সদস্য। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তিনি একাধিকবার বিএনপি থেকে বহিষ্কৃত হন। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়