পুলিশে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো সাইবার পুলিশ ইউনিট
ছবি: সংগৃহীত
সাইবার অপরাধ দমন ও ডিজিটাল স্পেস নিরাপদ রাখতে বাংলাদেশ পুলিশে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট। অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেনকে প্রধান করে গঠিত এই ইউনিটের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিটটির উদ্বোধন করা হয়। আইজিপি মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অর্গানোগ্রাম অনুযায়ী সাইবার পুলিশ ইউনিটের মোট জনবল ৪ হাজার ৫৯২ জন নির্ধারণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ইউনিটটি সাইবার অপরাধ মোকাবিলায় কাজ করবে।
তিনি বলেন, অতিরিক্ত আইজিপির নেতৃত্বে দেশের সব থানার কর্মকর্তারাও সাইবার অপরাধ দমনে দায়িত্ব পালন করবেন। প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে সাইবার অপরাধের ধরনও পরিবর্তিত হচ্ছে। এসব অপরাধ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বিশেষায়িত ইউনিটটি কার্যক্রম পরিচালনা করবে।
আরও পড়ুন: এমপি মিষ্টির আসন শূন্য ঘোষণা
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাইবার আইন বা সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রমের কারণে যেন কোনো গণমাধ্যম ভোগান্তির শিকার না হয়, সে বিষয়টি বিশেষভাবে নজরে রাখা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








