আজ দেশে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি
ছবি: সংগৃহীত
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক জ্বালানি আজ শুক্রবার দেশে আসছে। জ্বালানি পরিবহনের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
সবকিছু ঠিক থাকলে রাশিয়া থেকে বিশেষ কার্গো উড়োজাহাজে করে জ্বালানিটি শুক্রবার (২ অক্টোবর) দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এরপর শনিবার (৩ অক্টোবর) কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে বিশেষ ব্যবস্থায় এই জ্বালানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।
প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবারই (০১ অক্টোবর) জ্বালানি দেশে পৌঁছানোর কথা ছিল। তবে শেষ মুহূর্তে ফ্লাইটটি বাতিল করা হয়। এক দিন পিছিয়ে শুক্রবার নতুন করে জ্বালানি পরিবহনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানায়, স্পর্শকাতর এই পারমাণবিক জ্বালানি বিশেষ কার্গো উড়োজাহাজে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে আনা হচ্ছে। বিমানটি যেসব দেশের আকাশসীমা ব্যবহার করবে, সেসব দেশের কাছ থেকে আগাম অনুমতিও নিতে হয়।
সূত্র জানায়, বৃহস্পতিবার রাশিয়া ও বাংলাদেশ এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করলেও পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় নির্ধারিত ফ্লাইটটি বাতিল করতে হয়। পরে বিকল্প ব্যবস্থায় শুক্রবার জ্বালানি পরিবহনের উদ্যোগ নেওয়া হয়।
সংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোতে মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে।
আরও পড়ুন: সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রোসাটম) জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জন্য পুরো জ্বালানি সরবরাহ শেষ করার কথা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








