নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫২, ৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:৫৪, ৮ অক্টোবর ২০২৬

ভারতের সঙ্গে পানি চুক্তিতে কোনো ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পানি চুক্তিতে কোনো ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ভারতের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করবে বাংলাদেশ। তবে এ ক্ষেত্রে জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। 

তিনি স্পষ্ট করে বলেছেন যে, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের ন্যায্য পাওনা আদায়ে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনা: যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পানি চুক্তি নবায়ন এবং দুই দেশের মধ্যকার পানি সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ ইতিমধ্যে একটি নির্দিষ্ট কমিটি গঠন করেছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 

তিনি জানান, এই সংলাপ ও আলোচনার প্রক্রিয়া এগিয়ে নিতে ভারতীয় পক্ষের প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে। ভারতের পক্ষ থেকে দ্রুত ইতিবাচক সাড়া পাওয়া যাবে এবং খুব শীঘ্রই দুই দেশের সংশ্লিষ্ট পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সংলাপ শুরু হবে বলে তিনি জোরালো আশা প্রকাশ করেন। 

আরও পড়ুন: ঢাকার সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় নয়াদিল্লি

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন এবং অন্যান্য অমীমাংসিত বিষয়গুলোর একটি বন্ধুত্বপূর্ণ ও টেকসই সমাধান পেতে দুই দেশের নেতৃত্বের মধ্যে পারস্পরিক সহযোগিতার মানসিকতা অত্যন্ত জরুরি।

সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পানির অধিকার ও ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশের দাবির পক্ষে আন্তর্জাতিক পানি আইন এবং দেশের জনগণের পূর্ণ সমর্থন ও সংহতি রয়েছে। বৈশ্বিক পরিমণ্ডলে পানির অধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠায় জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক পানি সংস্থা গঠনের কাজ চলছে। এই প্রস্তাবিত আন্তর্জাতিক সংস্থার নেতৃত্বে বাংলাদেশের জোরালো প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রয়েছে বলে তিনি জানান।   

পানি কূটনীতি ও তরুণ প্রজন্মের সম্পৃক্ততাভবিষ্যতের পানি কূটনীতির নানামুখী চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করার জন্য যুবসমাজকে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন হুমায়ুন কবির। 

তিনি বলেন, আগামী দিনের সংকট উত্তরণে তরুণদের অর্থবহ সুযোগ দিতে হবে। বিজ্ঞান, আন্তর্জাতিক আইন এবং বহুমাত্রিক দক্ষতার সঠিক সমন্বয় ঘটিয়ে দেশের নতুন প্রজন্মকে দক্ষ পানি কূটনীতিক হিসেবে গড়ে তুলতে হবে, যারা আন্তর্জাতিক ফোরামে দেশের স্বার্থ আরও মুন্সিয়ানার সঙ্গে তুলে ধরতে পারবে। সেমিনারে অন্য বক্তারাও পানি ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতা, ন্যায়বিচার এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। 

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়