সংগীতজীবনের দুই দশক পূর্তিতে অরিজিতের নতুন ঘোষণা
অরিজিৎ সিং। ছবি: সংগৃহীত
বাঙালি গায়ক অরিজিৎ সিং। কণ্ঠের জাদুতে তিনি জয় করে নিয়েছেন ভারতসহ বিশ্বের কোটি মানুষের হৃদয়। ২০০৫ সালে সংগীতজগতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিলেন তিনি। গত বছর পূর্ণ হয়েছে তার সংগীতজীবনের দুই দশক। এ উপলক্ষে এবার বড় আয়োজনের ঘোষণা দিলেন জনপ্রিয় এই শিল্পী।
সোমবার (৫ অক্টোবর) অরিজিৎ সিং জানান, ভারতে কনসার্ট ট্যুরে যাচ্ছেন তিনি। দেশটির ৯টি রাজ্যে মোট ৯টি কনসার্ট করবেন এই গায়ক। প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর এটিই হতে যাচ্ছে ভারতের মঞ্চে অরিজিতের প্রথম বড় কনসার্ট সফর।
আগামী বছরের ৯ জানুয়ারি আহমেদাবাদে প্রথম কনসার্ট দিয়ে শুরু হবে এই সফর। এরপর ২৩ জানুয়ারি চণ্ডীগড়, ৭ ফেব্রুয়ারি জয়পুর, ২০ ফেব্রুয়ারি মুম্বাই, ১৩ মার্চ বেঙ্গালুরু, ২৭ মার্চ নয়াদিল্লি, ১০ এপ্রিল পুনে, ১ মে ইন্দোর এবং ১৫ মে হায়দরাবাদে পারফর্ম করবেন তিনি।
এই সংগীত সফরে অরিজিতের দুই দশকের ক্যারিয়ারের বিভিন্ন সময়ের জনপ্রিয় গান পরিবেশন করা হবে। তার সংগীতজীবনের নানা আবেগ, বৈচিত্র্য ও সংগীতধারার প্রতিফলন থাকবে পুরো পরিবেশনায়।
আয়োজনকে স্মরণীয় করে তুলতে তৈরি করা হবে বিশেষ নকশার বহুস্তরীয় মঞ্চ। মঞ্চের একটি অংশ দীর্ঘ রানওয়ের মতো স্টেডিয়ামের ভেতরের দিকে এগিয়ে থাকবে, যাতে দর্শকদের আরও কাছাকাছি গিয়ে পারফর্ম করতে পারেন অরিজিৎ।
কনসার্টে থাকবে ৩৬০ ডিগ্রি স্পেশাল অডিও, গতিশীল এলইডি লাইট, বিশাল পর্দা, লেজার লাইট এবং স্টেডিয়াম-উপযোগী আতশবাজির বিশেষ আয়োজন। পুরো লাইভ প্রোডাকশন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে, যাতে আয়োজনের বিশালতার মধ্যেও অরিজিতের গান ও কণ্ঠই থাকে মূল আকর্ষণ।
সংগীতজীবনের দুই দশক পূর্তি এবং আসন্ন সফর নিয়ে অরিজিৎ সিং বলেন, সংগীতের ২০ বছরের এই যাত্রার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। এর সবচেয়ে সুন্দর দিকটি সবসময়ই ছিল মানুষ- সেসব শ্রোতা, যারা এই গানগুলোকে নিজেদের মতো করে বাঁচিয়ে রেখেছেন। পুরো ভারত ঘুরে তাদের ভালোবাসা সরাসরি মঞ্চে একসঙ্গে অনুভব করার অপেক্ষায় আছি। এত গান, এত স্মৃতি, এত মানুষের সঙ্গে দেখা হবে! অপেক্ষা সহ্য হচ্ছে না।
আরও পড়ুন: ১০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা প্রীতম-শাহতাজের
অরিজিতের কনসার্টগুলোর টিকিট পাওয়া যাবে thumpN প্ল্যাটফর্মে। আগামী ১৩ অক্টোবর দুপুর থেকে শুরু হবে সাধারণ টিকিট বিক্রি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








