নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৫, ১০ অক্টোবর ২০২৬

আমদানিনির্ভর জ্বালানি থেকে বের হতে চায় বাংলাদেশ: আমীর খসরু

আমদানিনির্ভর জ্বালানি থেকে বের হতে চায় বাংলাদেশ: আমীর খসরু

ছবি: সংগৃহীত

জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমিয়ে সৌরবিদ্যুতের প্রসার ঘটাতে গুরুত্ব দিচ্ছে সরকার। এর মাধ্যমে আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ টেকসই ও নবায়নযোগ্য উৎস থেকে পূরণ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন সোলার ইকো-সিস্টেমের এক জমকালো উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী জানান, জ্বালানি তেল ও গ্যাস আমদানিতে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। সোলার পাওয়ার বা সৌরবিদ্যুৎ ব্যবহারে জোর দিলে কেবল বিদ্যুতের সার্বিক ঘাটতিই দূর হবে না, বরং জাতীয় রাজস্ব ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্ত করবে।

গ্রাহক ও শিল্প উদ্যোক্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, যারা নিজস্ব উদ্যোগে বাসাবাড়ি কিংবা কারখানার ছাদে সোলার প্যানেল বা রুফটপ সোলার স্থাপন করতে আগ্রহী, সরকার তাদের প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও প্রণোদনা প্রদান করবে।

আরও পড়ুন: বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, প্রকল্প বাস্তবায়নে সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

সৌরবিদ্যুতের আধুনিক সুবিধার কথা তুলে ধরে তিনি স্পষ্ট করেন যে, সোলার প্রযুক্তির বিকাশ ঘটায় এটি আর কেবল বাতি কিংবা ফ্যান চালানোর মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমানে আধুনিক সৌর ব্যবস্থার মাধ্যমে বাসা-বাড়ির ফ্রিজ, টেলিভিশন, ওয়াশিং মেশিন ও ভারী ইলেকট্রনিক্স সরঞ্জাম অনায়াসে ও নিরবচ্ছিন্নভাবে চালানো সম্ভব হচ্ছে।

জাতীয় জ্বালানি নীতি ও সার্বিক বিদ্যুৎ ব্যবস্থার টেকসই সংস্কারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী আরও জানান, শিল্প উৎপাদন অক্ষুণ্ন রাখতে ও সাধারণ মানুষের জীবনযাত্রা মসৃণ করতে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থার কোনো বিকল্প নেই। এতে স্থানীয় বাজারে দেশীয় প্রযুক্তি ব্র্যান্ডগুলোর অংশগ্রহণ ও বিনিয়োগ প্রশংসনীয় অবদান রাখছে।অনুষ্ঠানে ওয়ালটনের উচ্চপদস্থ কর্মকর্তা, জ্বালানি খাতের বিশেষজ্ঞ এবং ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা দেশে নির্মিত ইনভার্টার, উন্নত মানের সোলার প্যানেল, লিথিয়াম ব্যাটারিসহ সোলার ভিত্তিক সামগ্রিক ইকো-সিস্টেম প্রদর্শন করেন, যা আগামী দিনে দেশের ইলেকট্রনিক্স ও জ্বালানি খাতের স্বনির্ভরতায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। 

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়