স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১২, ১০ অক্টোবর ২০২৬

প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

ফাইল ছবি

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। পরীক্ষার নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ছড়িয়ে পড়ার অভিযোগ সামনে আসার পর পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব ডি এম আতিকুর রহমান পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আপাতত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে এ পরীক্ষায় অংশ নিতে সারা দেশ থেকে তিন লাখের বেশি প্রার্থী প্রস্তুতি নিয়েছিলেন। এ জন্য রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের ব্যবস্থাও করা হয়েছিল।

তবে পরীক্ষার আগের রাতেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়, অধিদপ্তরের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, যিনি নিয়োগ পরীক্ষা কমিটির দায়িত্বেও রয়েছেন, তাঁর এক আত্মীয়সহ অধিদপ্তরের একটি চক্র প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত।

ওই পোস্টে আরও দাবি করা হয়, পরীক্ষার্থীদের সঙ্গে জনপ্রতি গড়ে প্রায় ২৫ লাখ টাকার চুক্তি করা হয়েছে। এ ছাড়া কথিত প্রশ্নপত্র ও উত্তর রাতভর বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের পড়ানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

আরও পড়ুন: এসএসসি পাসে চাকরি দেবে ঢাকায় মার্কিন দূতাবাস, বেতন ৭২,২০০

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বিস্তারিত বক্তব্যও পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়