পানির ন্যায্য হিস্যা দিয়েই ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া ফারাক্কা চুক্তি নবায়ন এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার মাধ্যমে ভারতকে প্রকৃত বন্ধুত্বের প্রমাণ দিতে হবে।
রবিবার (১১ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় দ্বিতীয় করতোয়া সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ফারাক্কা চুক্তি আগামী ১২ ডিসেম্বর শেষ হবে। চুক্তি নবায়নের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পানিসম্পদ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে বিভিন্নভাবে প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ইতোমধ্যে কলকাতায় কারিগরি কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে যে চুক্তি করেছিলেন, তাতে পানি পাওয়ার নিশ্চয়তা-সংক্রান্ত গ্যারান্টি ক্লজ ছিল। সেই গ্যারান্টি ক্লজকে সামনে রেখে বাংলাদেশ ফারাক্কা চুক্তির নবায়ন ও এর কার্যকর বাস্তবায়ন প্রত্যাশা করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত ১৭ বছরে একপাক্ষিক সমর্থনের কারণে দুই দেশের জনগণের সম্পর্ক নিয়ে যে প্রশ্নের সৃষ্টি হয়েছিল, গ্যারান্টি ক্লজসহ পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করার মাধ্যমেই ভারত বন্ধুত্বের প্রকৃত প্রমাণ দিতে পারে।
তিনি বলেন, শুধু ফারাক্কা নয়, সীমান্তজুড়ে বিস্তৃত আরও ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতেও ভারতের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।
আরও পড়ুন: আইটি ও এআই খাতে জাপানি বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এ সময় পঞ্চগড় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








