দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ছবি: সংগৃহীত
দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারি বর্ষণ। বৃষ্টির প্রভাবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরে এ বায়ু অপেক্ষাকৃত দুর্বল অবস্থায় রয়েছে।
ইতোমধ্যে দেশের পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের অবশিষ্ট অঞ্চল থেকেও এ বায়ু বিদায় নিতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
আরও পড়ুন: দুই মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টিপাতের কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মৌসুমি বায়ুর বিদায়প্রক্রিয়া চললেও আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








