রমজানে সিন্ডিকেট করলে কঠোর হবে সরকার: বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে ব্যবসায়ীদের সিন্ডিকেট গঠনের কোনো চেষ্টা সরকার মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে এক সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
সভায় তিনি বলেন, আমদানি পর্যায়ে শুল্ক-কর সমন্বয় এবং সরবরাহব্যবস্থার উন্নয়নের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে রমজানকে সামনে রেখে কেউ যেন সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়াতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।
বাণিজ্যমন্ত্রী জানান, রমজান সামনে রেখে বর্তমানে আমদানির পাইপলাইনে থাকা নিত্যপ্রয়োজনীয় পণ্যের পরিমাণ পর্যাপ্ত। ফলে রমজানে কোনো নিত্যপণ্যের ঘাটতি হবে না এবং সরবরাহব্যবস্থা স্বাভাবিক থাকবে বলে আশা করছে সরকার।
তিনি আরও বলেন, সারা বছর নিত্যপ্রয়োজনীয় পণ্যের, বিশেষ করে সবজির, সরবরাহ ও দাম তুলনামূলক স্থিতিশীল রাখতে পরিকল্পিত উৎপাদন ও সরবরাহব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
এ লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিতভাবে কৃষিপণ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বাণিজ্যমন্ত্রীর মতে, বিভিন্ন সবজির উৎপাদন মৌসুমের মধ্যে সমন্বয় করা গেলে সারা বছর বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে। কোনো সবজি জুলাইয়ে, কোনোটি নভেম্বরে এবং অন্য কোনোটি ফেব্রুয়ারিতে উৎপাদনের পরিকল্পনা থাকলে বছরজুড়েই সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব।
আরও পড়ুন: চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমদানি, উৎপাদন ও সরবরাহব্যবস্থার সমন্বয়ের পাশাপাশি ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্ব দেন বাণিজ্যমন্ত্রী।
নিউজবাংলাদেশ.কম/এসবি








