স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩০, ৯ অক্টোবর ২০২৬

আবারও বাড়লো সোনার দাম

আবারও বাড়লো সোনার দাম

ছবি: সংগৃহীত

সবশেষ দাম কমানোর পর কয়েক দিন স্থিতিশীল থাকার পর আবারও দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের সোনার প্রতি ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় সোনার গহনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

এর আগে, গত ৫ অক্টোবর দেশের বাজারে সোনার দাম কমিয়েছিল বাজুস। ওই দর অনুযায়ী, শুক্রবার সকাল ১০টার আগ পর্যন্ত ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকায় বিক্রি হয়েছে।

এদিকে সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

আরও পড়ুন: চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত দাম কার্যকর থাকবে। তবে গহনার নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে গহনা বিনিময় ও কেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়