ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হচ্ছেন রেমন ভেগা
ছবি: সংগৃহীত
তিন মেয়াদ ধরে ফিফা সভাপতির দায়িত্ব পালন করছেন জিয়ান্নি ইনফান্তিনো। চতুর্থ মেয়াদেও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির প্রধান হতে চান তিনি। তবে এবার তার সামনে প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন সুইজারল্যান্ডের সাবেক ফুটবলার রেমন ভেগা।
৫৫ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডার ফিফা সভাপতি পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। ফুটবলের সেবা করা, বিশ্ব ফুটবল পরিবারকে ঐক্যবদ্ধ করা এবং সংস্থাটিতে সংস্কার আনা তার নির্বাচনী অঙ্গীকার।
প্রার্থিতা ঘোষণা করে ভেগা বলেন, আমার উদ্দেশ্য ফুটবলের সেবা করা এবং যারা এই খেলাকে প্রাণবন্ত করে, তাদের সেবা করা। বিশ্ব ফুটবল পরিবারকে পুনরায় একত্রিত করা, প্রকৃত ও স্থায়ী সংস্কার আনা, একবিংশ শতাব্দীর জন্য ফিফাকে আধুনিক করা, স্থিতিশীলতা ও বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার এবং আমাদের খেলার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আস্থা পুনর্নির্মাণ করতে নির্বাচনে দাঁড়াচ্ছি।
ফিফার বর্তমান নেতৃত্বেরও সমালোচনা করেছেন ভেগা। তার মতে, ফুটবল কোনো ব্যক্তি, সভাপতি কিংবা প্রশাসকের সম্পত্তি নয়; বরং খেলাটির সঙ্গে যুক্ত সবার।
তিনি বলেন, ফুটবল কোনো সভাপতি, কনফেডারেশন বা প্রশাসকের সম্পত্তি নয়। ফুটবল যেকোনো পদ, ব্যক্তি বা প্রতিষ্ঠানের চেয়ে বড়। এটি জনগণের খেলা এবং এটি সবার ফুটবলার, কোচ, রেফারি, সমর্থক, স্বেচ্ছাসেবক, ক্লাব, লিগ, অ্যাসোসিয়েশন এবং সেইসব সম্প্রদায়ের, যারা ফুটবলকে জীবন্ত করে।
দীর্ঘদিনের নেতৃত্বের কারণে ফিফার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন ভেগা। ইনফান্তিনোর নেতৃত্বাধীন ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, বর্তমান নেতৃত্ব খেলাটির মনোবল দুর্বল করেছে। দুর্বল শাসনব্যবস্থার কারণে ফিফার বিশ্বাসযোগ্যতা ও বিশ্ব ফুটবল পরিবারে পারস্পরিক আস্থা ক্ষুণ্ণ হয়েছে। এই সংঘাত আরও বাড়তে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
স্প্যানিশ অভিবাসী দম্পতির সন্তান রেমন ভেগার বেড়ে ওঠা সুইজারল্যান্ডে। ১৩ বছরের বেশি সময়ের খেলোয়াড়ি ক্যারিয়ারে দেশটির কয়েকটি ক্লাবে খেলার পর ১৯৯৭ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগ দেন তিনি। ক্লাবটির হয়ে ১৯৯৮-৯৯ মৌসুমে ইংলিশ লিগ কাপ জেতেন এই ডিফেন্ডার।
পরবর্তী সময়ে ধারে স্কটিশ ক্লাব সেল্টিকে খেলেন ভেগা। সেখানে ২০০০-০১ মৌসুমে স্কটিশ ট্রেবল জয়ের স্বাদ পান তিনি। ক্যারিয়ারের শেষ দিকে ইংলিশ ক্লাব ওয়াটফোর্ডেও খেলেছেন সাবেক এই সেন্টার ব্যাক।
সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে ২৩টি ম্যাচ খেলেছেন ভেগা। বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ না পেলেও ১৯৯৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি। ২০০৩ সালে মাত্র ৩২ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসর নেন এই সাবেক ফুটবলার।
আরও পড়ুন: মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা
এর আগে ২০১৯ ও ২০২২ সালেও ফিফা সভাপতি নির্বাচনে ভেগার প্রার্থী হওয়ার গুঞ্জন উঠেছিল। তবে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেননি তিনি। এবার আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে ইনফান্তিনোর সম্ভাব্য চতুর্থ মেয়াদের পথে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সাবেক এই সুইস ফুটবলার।
নিউজবাংলাদেশ.কম/এসবি








