স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০১, ৭ অক্টোবর ২০২৬

মেসির বিদায়ী ম্যাচ রাঙিয়ে বেনিনকে হারাল আর্জেন্টিনা

মেসির বিদায়ী ম্যাচ রাঙিয়ে বেনিনকে হারাল আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

অবশেষে বেজে উঠল বিদায়ের ঘণ্টা। আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমে জাতীয় দলকে বিদায় জানালেন কিংবদন্তি লিওনেল মেসি। বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর শেষ ম্যাচটিও স্মরণীয় করে রাখলেন মেসি- করলেন এক গোল, সঙ্গে জোড়া অ্যাসিস্ট।

বুধবার (৭ অক্টোবর) ভোরে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলে যায় ম্যাচের চিত্র। ৪৮ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকোলাস ওতামেন্দি।

এরপর আরও দুইবার বেনিনের জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় আর্জেন্টিনা। ৬১ মিনিটে মেসির পাস থেকে দ্বিতীয় গোলটি করেন তরুণ ফুটবলার নিকো পাজ। এরপর ৭১ মিনিটে নিজের বিদায়ী ম্যাচে গোলের খাতায় নাম লেখান মেসি।

জাতীয় দলের হয়ে দীর্ঘ ২১ বছরের পথচলার শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন মেসি। ম্যাচকে ঘিরে আগে থেকেই বুয়েনস আইরেসের মনুমেন্টালে ছিল উৎসবের আবহ। প্রিয় তারকাকে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে দেখতে গ্যালারিতে জড়ো হন হাজারো সমর্থক।

মেসিকে বিদায় জানাতে ম্যাচের আগে ও পরে ছিল বিশেষ আয়োজন। গান, সাংস্কৃতিক পরিবেশনা, ড্রোন শো ও আতশবাজির মধ্য দিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজন করে বর্ণিল বিদায় অনুষ্ঠান।

আরও পড়ুন: ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুই দলকেই জরিমানা করল আইসিসি

শেষ পর্যন্ত মাঠের ফলও মেসির পক্ষে গেছে। বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে জাতীয় দলের অধ্যায় শেষ করলেন আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়