স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শারমিনের উন্নতি, পিছিয়ে মারুফা

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শারমিনের উন্নতি, পিছিয়ে মারুফা

ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের শারমিন আক্তারের। অন্যদিকে, বোলিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশি পেসার মারুফা আক্তারের।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত সপ্তাহে শেষ হওয়া নারী এশিয়ান গেমস ক্রিকেটের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হারে বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন শারমিন আক্তার। এর সুবাদে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৫২৩।

ব্যাটারদের তালিকায় বাংলাদেশের হয়ে সবার ওপরে রয়েছেন নিগার সুলতানা। ৫৯৭ রেটিং পয়েন্ট নিয়ে ২০তম স্থানে আছেন তিনি। তবে তিন ধাপ পিছিয়ে ৪৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ৪২তম স্থানে নেমে গেছেন সোবহানা মোস্তারি।

বোলিং র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে মারুফা আক্তারের। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৩ ওভার বল করে ২৬ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি। ফলে চার ধাপ পিছিয়ে ৬০২ রেটিং পয়েন্ট নিয়ে ২১তম স্থানে নেমে গেছেন এই পেসার।

অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার দুই ধাপ এগিয়েছেন। ৫৭০ রেটিং পয়েন্ট নিয়ে এখন ২৯তম স্থানে রয়েছেন তিনি।

নারী টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ রেটিং পয়েন্টের বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের শ্রী চরণী। অস্ট্রেলিয়ার মেগান শুটকে ছাড়িয়ে ৮১৭ রেটিং পয়েন্ট নিয়ে নতুন রেকর্ড গড়েছেন তিনি। ২০১৮ সালে ৮০৬ রেটিং পয়েন্ট নিয়ে রেকর্ডটি গড়েছিলেন শুট।

আরও পড়ুন: আইএলটি-টোয়েন্টির নিলামে ৪ বাংলাদেশি, শীর্ষে তাসকিন

এদিকে, টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বেথ মুনি, বোলিংয়ে ভারতের শ্রী চরণী এবং অলরাউন্ডার তালিকায় ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়