স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৯, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে ফুটপাত উচ্ছেদে সমন্বয়ের অভাব ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে ফুটপাত উচ্ছেদে সমন্বয়ের অভাব ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় সমন্বয়ের অভাব ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। প্রাথমিকভাবে তিনি ঘটনাটিতে সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানতে পেরেছেন। বিষয়টি তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকায় ডিএনসিসির ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে হকারদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাত থেকে হকার উচ্ছেদের সময় ডিশ লাইনের কেবল খুলে ফেলা হচ্ছিল। একপর্যায়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে এবং আগুন আরও ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পর বিক্ষুব্ধ হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষ বাধে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও হকারদের সংঘর্ষ হয়। এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন: দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে, তারিখ নিয়ে কথা হয়নি: দীনেশ ত্রিবেদী

তিনি জানান, মিরপুর ১০ নম্বর থেকে মিরপুর ১৪ নম্বরের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ওই সড়কে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়