স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৭, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন বসানো হচ্ছে

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন বসানো হচ্ছে

বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

দেশের স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ এবং প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের প্রতিটি জেলা পর্যায়ের হাসপাতালে ১০টি করে এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী জানান, কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে দেশের বিভিন্ন প্রান্তে ডায়ালাইসিস সুবিধা বাড়ানো হচ্ছে। পাশাপাশি উপজেলা পর্যায়েও স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১৫১টিতে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা ও জেলা পর্যায়ে চিকিৎসাসেবার পরিধি বাড়ানো গেলে সাধারণ চিকিৎসার জন্য রোগীদের ঢাকামুখী হওয়ার প্রবণতা কমবে। এতে রাজধানীর বড় ও বিশেষায়িত হাসপাতালগুলোর ওপর চাপও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বড় বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বক্তব্যে তিনি আগের সরকারের আমলে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। তার দাবি, ওই সময়ে বিদেশ থেকে আমদানি করা অনেক চিকিৎসা যন্ত্রপাতি বর্তমানে নষ্ট বা ব্যবহার অনুপযোগী অবস্থায় পড়ে আছে। প্রয়োজনীয়তা ও মান যাচাই না করে যন্ত্রপাতি কেনার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপচয় করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সেমিনারে দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞরা হৃদরোগ প্রতিরোধ ও জনসচেতনতা নিয়ে বক্তব্য দেন। তারা বলেন, অনেক মানুষ বুকের ব্যথাকে গ্যাস্ট্রিকের সমস্যা মনে করে অবহেলা করেন। এতে চিকিৎসা নিতে দেরি হওয়ায় গুরুতর জটিলতা দেখা দিতে পারে। তাই বুকের ব্যথা বা অস্বস্তি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তারা।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হৃদরোগের ঝুঁকি কমাতে ধূমপান ও তামাকজাত দ্রব্য বর্জন, অতিরিক্ত লবণ, ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা এবং নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়